শক্তিশালী ভারতের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে অতিথি দলকে ৫ রানে হারায় স্বাগতিকরা। এ নিয়ে টানা দুটি হোম সিরিজে ভারতকে হারাল বাংলাদেশ। এর আগে ২০১৫ সালে মহেন্দ্র সিং ধোনির দলকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছিল টাইগাররা।

 

আগে ব্যাটিং করে বিপর্যয় কাটিয়ে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (৮৩ বলে ১০০*) ও মাহমুদউল্লাহর হাফ সেঞ্চুরিতে (৯৬ বলে ৭৭) ভর করে ৭ উইকেটে ২৭১ রান তোলে। জবাবে ভারত ৯ উইকেটে ২৬৬ রান তুলতে সমর্থ হয়।

 

৪ ডিসেম্বর প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ১ উইকেটে হারায় বাংলাদেশ। একই মাঠে আজ আরেক থ্রিলার জিতল টাইগাররা। শেষ বলে ৪০ রানের প্রয়োজন পড়ে ভারতের। যদিও রোহিত শর্মা ২৮ বলে ৫১ রানের হার না মানা ইনিংস খেলে প্রায়ই জিতিয়ে দিচ্ছিলেন ভারতকে। শেষ দুই বলে অতিথিদের প্রয়োজন ছিল ১২ রান। পঞ্চম বলে রোহিত ছক্কা মারেন। যদিও মুস্তাফিজুর রহমানের করা শেষ বলে এক রানের বেশি নিতে পারেননি তিনি। তাতে নাটকীয় জয় পায় বাংলাদেশ।

 

১০ ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর দুই টেস্টের সিরিজে মুখোমুখি হবে দুটি প্রতিবেশী দেশ। 

   

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ২৭১/৭। ভারত: ৫০ ওভারে ২৬৬/৯। ফল: বাংলাদেশ ৫ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ (বাংলাদেশ)। সিরিজ: বাংলাদেশ ২-০তে এগিয়ে।