ব্রিসবেন টেস্টে শনিবার প্রথম দিন বৃষ্টির বাগড়ায় মাত্র ১৩.২ ওভারের খেলা মাঠে গড়ায়। বিনা উইকেটে ২৮ রান নিয়ে আজ রোববার দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে দাপট দেখাল অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড ও স্টিভ স্মিথের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৩ রান তুলে নিয়েছে অজিরা। আজ ৮৭.১ ওভার ব্যাটিং করে ৩৭৫ রান তুলেছে স্বাগতিবরা। অ্যালেক্স ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক ৬ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

অবিশ্বাস্য ফর্মে থাকা ট্রাভিস হেড ১৬০ বলে ১৮ বাউন্ডারিতে ১৫২ রানের ক্ল্যাসিক ইনিংস খেলেছেন। সাবেক অধিনায়ক স্মিথের ব্যাট থেকে আসে ১০১ রান। ১৯০ বলে ১২ বাউন্ডারিতে এ রান করেন স্মিথ।

চতুর্থ উইকেটে এই দুজন ৩০২ বল খেলে ২৪১ রানের পার্টনারশিপ গড়েন। দলের সংগ্রহ তিনশ পেরোনোর পরপর এই দুজনকেই সাজঘরে ফেরান জশপ্রীত বুমরা। এরপর তিনি আউট করেন মিচেল মার্শকে। এর আগে সকালে দ্রুতই অজিদের দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুইনিও শিকার হন বুমরার। ৭২ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরা। মোহাম্মদ সিরাজ ও নিতিশ কুমার রেড্ডি নেন একটি করে উইকেট।

অ্যাডিলেডে ১৪০ রানের ইনিংস খেলে ভারতকে হারানো ট্রাভিস হেড এবার খেললেন ১৫২ রানের রাজসিক ইনিংস। ৫২ ম্যাচে এটা তার নবম সেঞ্চুরি। স্মিথ পেয়েছেন ৩৩তম টেস্ট সেঞ্চুরি। ১১২ টেস্টের ক্যারিয়ার তার ফিফটি ৪১টি।