ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দশম ডাবল সেঞ্চুরি হয়ে গেল। আজ হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৪৯ বলে ২০৮ রানের রাজসিক ইনিংস খেলেছেন ভারতের ওপেনার শুভমান গিল। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি পেলেন তিনি। এর আগে ভারতের হয়ে রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ ও ইশান কিশান ডাবল সেঞ্চুরি করেন। রোহিত শর্মা একাই করেছেন তিনটি ডাবল সেঞ্চুরি।

 

গত সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে ৮৯ বলে সেঞ্চুরি করা গিল আজ তিন অঙ্ক ছুঁয়েছেন ৮৭ বলে। টস জিতে ব্যাটিং নেয়া ভারত দলীয় ৬০ রানে ওপেনার রোহিত শর্মাকে (৩৪) হারায়। কলকাতায় শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি পাওয়া বিরাট কোহলি (৮*) দলকে হতাশ করেন। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে অভিষেকেই ডাবল সেঞ্চুরি পাওয়া ইশান কিশানও ৫ রানে আউট হয়ে যান।

 

একপ্রান্ত দিয়ে নিয়মিত উইকেট পতন হতে থাকলেও অন্যপ্রান্তে হিমালয়সম প্রত্যয় নিয়ে খেলতে থাকেন গিল। তিনি ৫২ বলে হাফসেঞ্চুরি, ৮৭ বলে সেঞ্চুরি, ১২২ বলে ১৫০ ও ১৪৫ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। গিলের ডাবলের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন রোহিত। এছাড়া সূর্যকুমার যাদব ৩১ ও হার্দিক পান্ডিয়া ২৮ রান করেন। এ থেকেই অনুমান করে নেয়া যায়, কতটা কর্তৃত্ব করেছেন গিল। তার রাজসিক ব্যাটিংয়ে ভারত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান তুলেছে।

 

এর আগে ভারতের রোহিত শর্মা (২৬৪, ২০৯, ২০৮*), শচীন টেন্ডুলকার (২০০*), বিরেন্দর শেবাগ (২১৯), ইশান কিশান (২১০), নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৩৭*), ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল (২১৫) ও পাকিস্তানের ফখর জামান (২১০*) ডাবল সেঞ্চুরি করেন।