ব্রিসবেনে অজি অধিনায়ক প্যাট কামিন্সের প্রথম ট্রেলারটা হলো অসাধারণ। তার দুর্দান্ত বোলিংয়ে আজ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ১৪৭ রানে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

টেস্ট ক্যারিয়ারে সপ্তমবারের মতো পাঁচ উইকেট নিয়েছেন কামিন্স। ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন জশ বাটলারের। তাদের সাত ব্যাটার দুই অঙ্কই ছুঁতে পারেননি।

তবে টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৫০.১ ওভার। ঝিরি ঝিরি বৃষ্টি ও আলো স্বল্পতার কারণে দ্বিতীয় সেশনেই খেলা বন্ধ হয়ে যায়।

গ্যাবার ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই যেন পুরো ইনিংসের চিত্র পুটে উঠলো অতিথিদের। প্রথম ওভারের প্রথম বলেই ওপেনার ররি বার্নস বোল্ড হন পেসার মিচেল স্টার্কের বলে।

এর পর ২৯ রানেই চার উইকেট হারিয়ে বসে ইংলিশরা। ডেভিড মালান ৬, জো রুট ০ ও বেন স্টোকস ফেরেন ৫ রান করে। পঞ্চম উইকেটে ওপেনার হাসিব হামিদ ও ওলি পোপ ধরে খেলার চেষ্টা করেও বেশিদূর যেতে পারেননি। দলীয় ৬০ রানের মাথায় হাসিব হামিদ কামিন্সের বলে স্মিথকে ক্যাচ দিয়ে ফিরলে ৩১ রানের জুটি ভাঙে। হাসিবের ব্যাট থেকে আসে ২৫ রান।

ষষ্ট উইকেটে বাটলারকে সঙ্গে নিয়ে ৫২ রানের জুটি গড়েন পোপ। দলের ১১২ রানের মাথায় এ জুটিতে ছেদ ধরান স্টার্ক। ৫৮ বলে ৩৯ রান করে সজঘরে ফেরেন বাটলার। ইনিংসে ছিল পাঁচটি চারের বাউন্ডারি। এর পর পোপও দ্রুত প্যাভিলিয়নের পথ ধরেন। ক্যামেরন গ্রিনের শিকার হওয়ার আগে ৭৯ বল খেলে ৩৫ রান করেন তিনি। ক্রিস ওকসের ব্যাট থেকে আসে ২১ রান। ওলি রবিনসন ০ ও মার্ক উড ফেরেন ৮ রানে। ২ রানে অপরাজিত থাকেন জ্যাক লিচ। ১৩.১ ওভার বল করে ৩৮ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন কামিন্স। স্টার্ক, জস হেজেলউড দুটি করে ও গ্রিন নেন একটি উইকেট।

প্রথম টেস্টের জন্য দু’দলের একাদশ:

অস্ট্রেলিয়া: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, ন্যাথান লায়ন, জশ হেইজেলউড।  

ইংল্যান্ড: জো রুট (অধিনায়ক), ররি বার্নস, জস বাটলার, হাসিব হামিদ, জ্যাক লিচ, ডেভিড মালান, অলি পোপ, অলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।