নেপালে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। শুক্রবার রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে ভুটানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারানো লাল-সবুজের প্রতিনিধিরা আজ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। অন্যদিকে, ভারতীয় কিশোরীরাও আত্মবিশ্বাসী। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে তারা ১০-০ গোলের বড় ব্যবধানে হারায় নেপালকে। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে ফাইনাল।
মনস্তাত্ত্বিকভাবে আজ এগিয়ে থাকবে বাংলাদেশের মেয়েরা। রাউন্ড রবিন লিগের মোকাবেলায় ভারতকে ৩-১ গোলে হারায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। সেই ফর্ম ফাইনালেও ধরে রাখতে পারলে শিরোপা জয় কঠিন হবে না।
প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে তারা শক্তিশালী ভারতকে হারায় ৩-১ গোলে। শেষ ম্যাচে ভুটানকে হেসেখেলে হারায় প্রীতি-অর্পিতারা।
বাংলাদেশের সুরভী আকন্দ প্রীতি চলতি টুর্নামেন্টে সর্বোচ্চ ৫ গোল করেছেন। ৪ গোল আছে ভারতের আনুষ্কা কুমারী ও পার্ল ফার্নান্দেজ দুজনেরই। আজ সর্বোচ্চ গোলদাতার রেসও জমে উঠবে।
এবারের সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করে নেপাল, ভারত, বাংলাদেশ ও ভুটান। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনালে ওঠে বাংলাদেশ ও ভারত। প্রতিপক্ষকে কোনো গোল না দিয়ে বিদায় নেয় ভুটান। বিদায় নেয় স্বাগতিক নেপালও।
গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া। এবার অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে মোট পাঁচ আসরের মধ্যে ভারত সর্বোচ্চ দুবার শিরোপা জয় করে। এছাড়া বাংলাদেশ, রাশিয়া ও নেপাল একবার করে শিরোপার স্বাদ পেয়েছে। আজ দ্বিতীয় শিরোপা জিতে ভারতকে ছুঁয়ে ফেলার সুযোগ বাংলাদেশের কিশোরীদের সামনে।
বাংলাদেশকে অনুপ্রেরণা দেবে গত মাসে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। ওই আসরের ফাইনালে ভারতের সঙ্গে ড্র করার পর কয়েন টস করে ভারতকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে বাংলাদেশের প্রতিবাদের মুখে দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা দেয় সাফ। এবার অনূর্ধ্ব-১৬ দলের কিশোরীদের হাত ধরে আরেকটি সাফ মুকুট জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ ১৮ গোল দিয়েছে ভারত। বাংলাদেশ দিয়েছে ১১ গোল। যদিও গোল হজম করার দিক থেকে সবার সেরা বাংলাদেশ। তাদের জালে মাত্র একবার বল প্রবেশ করেছে! শুক্রবার বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় কোচ সাইফুল বারী টিটু এ বিষয়টি নিয়ে স্বস্তি প্রকাশ করলেন।
বাংলাদেশের প্রত্যাশা নিয়ে টিটু বলেন, ‘ফাইনাল একটাই ম্যাচ। জিতলেই চ্যাম্পিয়ন। মেয়েদের আসলে সেভাবেই তৈরি করা যে এটা ফাইনাল, জিতলেই তোমরা চ্যাম্পিয়ন, ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারবে। এখন আর মাঠের কাজ করা বিষয় নয়, মূল হচ্ছে ওদেরকে অনুপ্রাণিত করা।’
বাফুফের পাঠানো ভিডিওবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘আমাদের টার্গেট হচ্ছে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশে ফিরে যাওয়া।’ একই ভিডিওবার্তায় হেড কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ছোট দেশ হয়েও আমরা তাদের সঙ্গে লড়াই করছি, এটাই হচ্ছে আমাদের অর্জন। ফাইনালে আমরা স্বাভাবিক খেলাটা খেলব, তবে আমাদের সেরা এফোর্ট দিতে হবে।’










