টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রিভিউ নেয়া নিয়ে সমালোচনা অনেক দিনের। আজ রোববার থেকে চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ ওভারের মধ্যে দুটি রিভিউ নিয়ে কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। প্রথম সেশনেই দুটি রিভিউ নষ্ট হয়েছে স্বাগতিকদের।

ইনিংসের পঞ্চম ওভারে শরিফুল ইসলামের বলে বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন করলে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নিলে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে পিচড করেছে। ২৩তম ওভারে আবারো একই পরিণতি। পেসার শরিফুলের আত্মবিশ্বাসী মনোভাবে রিভিউ নেন মুমিনুল হক। কিন্তু রিপ্লেতে দেখা যায় ইম্প্যাক্টে ছিল না বল। মূলত রিভিউ নেয়ার ক্ষেত্রে বোলারকে বেশি প্রাধান্য দিতে হয়। কারণ তিনি জানেন বলটি পিচের কোন জায়গায় বাউন্স করে কোন দিকে টার্ন করতে পারে। কিন্তু সেখানে শরিফুল দু’বারই পরখ করতে ব্যর্থ হয়েছেন। লিটন দাসও দেখাতে পারেননি পারদর্শীতা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ১৪৭ রান। প্রথম সেশনে ৬৬ রানে দুই ওপেনার দিমুথ করুনারত্নে (৯) ও ওশাদা ফার্নান্দো (৩৬) কে ফেরান অফস্পিনার নাঈম হাসান। তৃতীয় উইকেটে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে সেই চাপ সামলিয়ে ওঠে শ্রীলংকা। অবিচ্ছিন্ন জুটিতে এখন পর্যন্ত দুজনে তুলেছেন ৮১ রান। ইতোমধ্যে হাফসেঞ্চুরি তুরে নিয়েছেন মেন্ডিস। ৫৩ রানে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৪৪ রানে ক্রিজে আছেন ম্যাথিউস।
বাংলাদেশের হয়ে উইকেট দুটি নেন নাঈম হাসান। ইনিংসের অষ্টম ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে দলীয় ২৩ রানের মাথায় শ্রীলংকার অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফেরান এই অফস্পিনার। এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে ১৭ বলে ৯ রান করেন করুনারত্নে। এলবিডব্লিউর আবেদন উঠতেই তাতে সাড়া দেন আম্পায়ার। অবশ্য শ্রীলংকা রিভিউ নিলেও কাজে দেয়নি তা।

দ্বিতীয় উইকেটে ওশাদা ফার্নান্দো ও কুশল মেন্ডিস জুটি বড় করার চেষ্টা করলেও থামিয়ে দেন নাঈম। লিটনের ক্যাচ বানিয়ে ফেরান ওশাদাকে (৩৬)। মেন্ডিসের সঙ্গে ৪৩ রানে জুটি গড়েছিলেন এই ওপেনার।