কোলন টিউমার অপসারণের পর চিকিৎসার অংশ হিসেবে এখন হাসপাতালে ভর্তি হয়ে কেমোথেরাপি নিতে হচ্ছে ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলেকে। তিনি জানান, এজন্য তাকে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হবে এবং তিনি এখন ভালো আছেন।
গত সেপ্টেম্বরে তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেলের কোলন টিউমার অপসারণ করা হয়। গত বুধবার তিনি পুনরায় সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন।
হাসপাতালে ভর্তির বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বলেছেন, ২০২১ সালের শেষ ধাপ (কেমোথেরাপি) সম্পন্ন করতে আমি এখন হাসপাতালে। এই অর্জনটি আমি তোমাদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলাম। আসলে প্রতিটি ক্ষুদ্র বিজয়ও উদযাপন করা যায়, কি বলো তোমরা? নতুন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাকে আরো কয়েকটা দিন এখানে থাকতে হবে। চিন্তা করো না, আমি ঠিক ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছি!
সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্য ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে প্রস্টেট সার্জারি করাতে হয়েছে তাকে। তার আগে ছয় মাসের মধ্যে তাকে দু-দুবার হাসপাতালে ভর্তি হতে হয়। এছাড়া প্রস্রাবের সংক্রমণ ধরা পড়ায় ২০১৯ সালে তাকে আরেক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়।
ব্রাজিল জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ ৭৭ গোলের মালিক পেলে। বিবিসি










