স্বপ্ন ছিল লিওনেল মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বার্সেলোনায় খেলবেন। ঠিকঠাকই এগোচ্ছিলো সব। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় পাড়ি জমালেন সার্জিও কুন অ্যাগুয়েরো। ক্যাম্প ন্যুয়ের সবুজ গালিচায় দাঁড়িয়ে নিজেকেও দেখে নিলেন।
কিন্তু কয়েকদিনের ব্যবধানে সবকিছু এলোমেলো হয়ে গেল। লিওনেল মেসি চলে গেলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে। খেলা হলো না জাতীয় দলের সতীর্থের সঙ্গে। এরপরও বার্সায় খেলার স্বপ্ন পূরণ হলো আর্জেন্টাইন স্ট্রাইকারের। কিন্তু বেশিদূর যাওয়া হলো না। লা লিগায় চারটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে মাঠে নামেন তিনি। গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচ চলাকালীন (৪০মি.) বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন অ্যাগুয়েরো। সাথে সাথে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাগুয়েরো হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
যার কারণে বল পায়ে তাকে আর দেখা যাবে না। যা শেষ পর্যন্ত আর্জেন্টাইন তারকা সার্জিও অ্যাগুয়েরোকে অবসরের দিকে ঠেলে দেয়। আর সেই ঘোষণাটা আসবে আগামী বুধবার। স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক পেরেজ দে রোজেস রেডিও মার্কাকে বিষয়টি জানিয়েছেন। রেডিওর বরাত দিয়ে খবরটি জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাও।
রেডিও মার্কাকে দেয়া সাক্ষাৎকারে রোজেস জানিয়েছেন, বুধবার একটি অনুষ্ঠানের মাধ্যমে অবসরের ঘোষণা দেবেন অ্যাগুয়েরো। হৃদরোগে আক্রান্ত হওয়া এই ফুটবলার আর সর্বোচ্চ পর্যায়ে ফিরছেন না বলে জানিয়েছেন তিনি। তার হার্টের সমস্যা জটিল আকার ধারণ করেছে।
ইতোমধ্যেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে অ্যাগুয়েরোর বর্তমান ক্লাব বার্সেলোনাকেও। চলতি মৌসুমেই এক দশক কাটানোর পর ম্যানচেস্টার সিটি ছাড়েন আগুয়েরো। যোগ দেন বার্সেলোনায়। ক্লাবটির হয়ে আলাভেজের বিপক্ষে খেলার সময়ই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখন জানানো হয়, তিন মাসের জন্য ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা। এখন শেষ হয়ে গেল ক্যারিয়ারই।
অ্যাগুয়েরো ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে ক্লাবটিতে যোগ দেয়ার পর এখানে ১০ বছর কাটিয়েছেন তিনি। ইতেহাদের দর্শকদের উপহার দিয়েছেন দারুণ সব মুহূর্ত।
ক্লাবটির হয়ে ৩৯০টি ম্যাচ খেলে ২৬০ গোল করেছেন তিনি। জিতেছেন ১৫টি শিরোপা। জাতীয় দলের হয়ে অ্যাগুয়েরো খেলেছেন ১০১ টি ম্যাচ। করেছেন ৪১ গোল। কেবল সিটি কিংবা আর্জেন্টিনা নয়-তাকে আসলে মিস করবে পুরো ফুটবল বিশ্বই। বার্সেলোনার হয়ে লা লিগায় চারটি ম্যাচ ও চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচে মাঠে নামেন তিনি।










