দুই পক্ষের সম্মতির ভিত্তিতে ক্রিশ্চিয়ান এরিকসেনের সঙ্গে চুক্তি বাতিল করতে যাচ্ছে ইন্টার মিলান। ইতালির অলিম্পিক কমিটির নিয়মে হৃদরোগে আক্রান্ত কোনো খেলোয়াড় ফুটবল খেলতে পারবেন না। মূলত এ কারণেই চুক্তি বাতিল হচ্ছে। খবর ইতালীয় সংবাদ মাধ্যমের।

গত জুনে ইউরো-২০২০ এর ম্যাচে ডেনমার্ক ও ফিনল্যান্ডের খেলায় মাঠেই হৃদযন্ত্রের সমস্যায় লুটিয়ে পড়েন ডেনিশ খেলোয়াড় এরিকসেন। সেখান থেকে সরাসরি তাকে হাসপাতালে পাঠানো হয়। সেই সময় তার হৃদযন্ত্রে বসানো হয় একটি আইসিডি, যা তার হৃতস্পন্দন নজরদারিতে রাখে। যদি প্রয়োজন হয় তখন হৃদযন্ত্রে শকও পাঠায়। ইতালির অলিম্পিক কমিটি জানাচ্ছে, একজন খেলোয়াড় পূর্ণভাবে সুস্থ হলে তবেই মাঠে ফিরতে পারবেন, কোনো প্রকার আইসিডি নিয়ে নয়।

যে নিয়মের কারণে তিনি ইতালিয়ান সিরিআয় খেলতে পারবেন না। সে কারণেই ইন্টার মিলান কর্তৃপক্ষ তাকে চুক্তি থেকে মুক্তি দিতে চলেছে। ঠিক একই কারণে খেলতে পারবেন না প্রিমিয়ার লিগ কিংবা ডাচ ফুটবল লিগ এরেডিভিসিতেও। ফলে ইতালীয় সংবাদ মাধ্যমের ধারণা, তিনি ফিরে যেতে পারেন তার দেশীয় ডেনিস লিগেই।

গণমাধ্যম বলছে, এ সিদ্ধান্ত আসছে দুই পক্ষের সম্মতির ভিত্তিতেই, যেন সিরিআ থেকে নিচের সারির কোনো লিগে গিয়ে তিনি খেলতে পারেন। 

হৃদযন্ত্রের সমস্যার কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও অ্যাগুয়েরোর ক্যারিয়ারও শেষে হয়ে গেছে।