আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব শেষে আজ শুরু হচ্ছে শেষ ষোলোর লড়াই। ক্যামেরুনের লিম্বে স্টেডিয়ামে প্রথম ম্যাচে আজ মুখোমুখি হবে বুরকিনা ফাসো ও গ্যাবন। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হবে।
এবার নেশনস কাপে বড় অঘটনের জন্ম দিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়া, চারবারের চ্যাম্পিয়ন ঘানাও বাড়ির পথ ধরেছে।
শেষ ষোলোয় উঠতে হলে ‘ই’ গ্রুপে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না রিয়াদ মাহরেজের আলজেরিয়ার। কিন্তু সে ম্যাচে আইভরি কোস্টের কাছে ৩-১ গোলে হারে তারা। এর আগে ইকুয়াটোরিয়াল গিনির কাছে ০-১ ও সিয়েরা লিওনের সঙ্গে গোলশূন্য ড্র করে পশ্চিম আফ্রিকার দেশটি। ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর টিকিট পায় আইভরি কোস্ট, সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে নকআউটে উঠেছে ইকুয়াটোরিয়াল গিনি।
ঘানারও একই পরিণতি হয়েছে। ‘সি’ গ্রুপে তাদের পেছনে ফেলে নকআউটে উঠেছে মরক্কো (৭ পয়েন্ট) ও গ্যাবন (৫ পয়েন্ট)। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিততেই হতো ঘানাকে, সেই ম্যাচে কিনা অভিষিক্ত কমোরোসের কাছে ২-৩ গোলে হেরেই বসে তারা! এর আগে মরক্কোর কাছে ০-১ গোলে হেরেছে পশ্চিম আফ্রিকার দেশটি, আর গ্যাবনের সঙ্গে তারা ড্র করে ১-১ গোলে।
প্রথম রাউন্ডে অপ্রতিরোধ্য খেলে শেষ ষোলো নিশ্চিত করেছে ‘সুপার ঈগল’
নাইজেরিয়া। গ্রুপ পর্বে একমাত্র নাইজেরিয়া ‘ডি’ গ্রুপ থেকে তিন ম্যাচের সবক’টি জিতেছে। তিনবারের চ্যাম্পিয়নরা শেষ ষোলোয় পেয়েছে ‘এফ’ গ্রুপের তিনে থাকা তিউনিশিয়াকে। ৬ পয়েন্টে গ্রুপের রানার্সআপ হয় মোহাম্মদ সালাহর মিসর। নকআউটে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী আইভরি কোস্টকে।
ক্যামেরুন, মালি, আইভরি কোস্ট ও মরক্কো প্রত্যেকে দুটি করে জয় ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখে। গাম্বিয়া, ইকুয়াটোরিয়াল গিনি, মিসর, গ্যাবন, গিনি ও বুরকিনা ফাসো গ্রুপ রানার্সআপ। মালাবি ও কেপ ভার্দে ৪ পয়েন্ট, কমোরোস ও তিউনিশিয়া ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিন নম্বর দল হয়ে শেষ ষোলোয় উঠেছে। বিবিসি










