গত বছর অক্টোবরে ইংল্যান্ডের কাছে সিরিজের প্রথম টেস্ট হেরে যায় পাকিস্তান। এরপর মুলতানে দ্বিতীয় ও রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্টের জন্য দুই অভিজ্ঞ স্পিনার নোমান আলী ও সাজিদ খানকে একাদশে ফেরানো হয়। এই দুজন দুই টেস্টে ইংল্যান্ডের সর্বমোট ৪০ উইকেটের মধ্যে ৩৯টি শিকার করেন! ১৫২ রানে দ্বিতীয় টেস্ট ও ৯ উইকেটে তৃতীয় টেস্ট জিতে নেয় পাকিস্তান।

এই দুই স্পিনার আরেকবার পাকিস্তানকে টেস্ট ম্যাচ জেতালেন। তাদের দাপটে আজ রোববার ওয়েস্ট ইন্ডিজকে মুলতানে সিরিজের প্রথম টেস্টে আড়াই দিনে হারিয়ে দিল পাকিস্তান। প্রতিপক্ষকে ২৫১ রানের টার্গেট দিয়েও শান মাসুদের দল জিতেছে ১২৭ রানে। ১১৫ রানের বিনিময়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি অফস্পিনার সাজিদ খান। দুই ইনিংসে ৬ উইকেট নিয়েছেন বামহাতি অর্থোডক্স স্পিনার নোমান আলী। আরেক স্পিনার আবরার আহমেদ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট শিকার করেন।

৩ উইকেটে ১০৯ রান নিয়ে আজ তৃতীয় দিন মাঠে নামা পাকিস্তান অতিথি দলের স্পিনার জোমেল ওয়ারিক্যানের ঘূর্ণির সামনে ১৫৭ রানে গুটিয়ে যায়। ৩২ রানে ৭ উইকেট নেন ওয়ারিক্যান। শান মাসুদ সর্বোচ্চ ৫২ রান করেন। মুহাম্মাদ হুরাইরা ২৯ ও কামরান গুলাম ২৭ রান করেন। এরপর ২৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ক্যারিবীয়রাও ঘূর্ণিতে পর্যুদস্ত হয়। সাজিদ ৫০ রানে ৫টি, আবরার ২৭ রানে ৪টি ও নোমান আলী ৪২ রানে ১টি উইকেট নেন।

এই মাঠে ২৫ জানুয়ারি শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।