সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে মঙ্গলবার রাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ৪৫.৫ ওভারে ২২৭ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে ব্রেন্ডন কিং (৮২), এভিন লুইস (৪৯) ও কিসি কার্টির (৪৫) ব্যাটে ভর করে বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৭ উইকেট ও ৭৯ বল হাতে রেখে জিতেছে দলটি।

এর আগে ১১৫ রানে ৭ উইকেট পতনের পর মাহমুদউল্লাহ ও তানজিম হাসান সাকিবের দারুণ ব্যাটিংয়ে দুশোর্ধ্ব সংগ্রহ পায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ৯২ বলে ৬২ ও সাকিব ৬২ বলে ৪৫ রান করেন। জেইডেন সিলস ২২ রানে ৪ উইকেট নেন।

বৃহস্পতিবার তৃতীয় ও শেষ ম্যাচ একই মাঠে একই সময়ে।