তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে ম্যাচে আইরিশদের ৭ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ৩-০তে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশের মেয়েরা।

এ নিয়ে দ্বিতীয়বার তিন ওয়ানডের সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নারী দল। ২০২১ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে একই ব্যবধানে হারিয়েছিল টাইগ্রেসরা। এবারের সাফল্যে জেগেছে সরাসরি বিশ্বকাপে খেলার আশা। ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিন ওয়ানডের অন্তত দুটি জিতলেই আগামী বছর জুলাইয়ে ভারতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশরা ১৮৫ রানে অলআউট। অধিনায়ক গ্যাবি লুইস সর্বোচ্চ ৫২ রান করেন। ফাহিমা খাতুন ৪৩ রানে ৩টি, সুলতানা খাতুন ২৯ রানে ২টি ও নাহিদা আক্তার ৫৫ রানে ২টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে দলীয় ৯ রানের মাথায় মুর্শিদা খাতুন আউট হয়ে যান। এরপর ১৪৩ রানের দারুণ এক জুটিতে বাংলাদেশকে জয়ের কাছাকাছি নিয়ে যান ফারজানা হক পিংকি ও শারমিন আক্তার সুপ্তা। পিংকি ৯৯ বলে ৬১ ও সুপ্তা ৮৮ বলে ৭২ রান করেন। সুপ্তা দলীয় ১৫২ রানে ও পিংকি ১৬৫ রানে আউট হয়ে গেলে অধিনায়ক নিগার (১৮ বলে ১৮*) ও সোবহানা মোস্তারি (৮ বলে ৭*) দলের জয় নিশ্চিত করেন। ৭৫ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতেও প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে ৮৫ রান তুলেছিলেন পিংকি ও সুপ্তা। পিংকি টানা তিন ম্যাচেই ফিফটি করেছেন। তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬১, ৫০ ও ৬১ রানের ইনিংস। আর সুপ্তা তিন ম্যাচে যথাক্রমে ৯৬, ৪৩ ও ৭২ রানের ইনিংস খেলেন।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতি, শনি ও সোমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এই সিরিজের জন্য আজ নিগার সুলতানাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।