উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বুধবার ইনফর্ম লিভারপুলের মাঠে খেলতে যাবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ব্রাজিলীয় ফরওয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে পাবে না রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা। রোববার লা লিগায় লেগানেসকে ৩-০ গোলে হারানো ম্যাচে তিনি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন।
চোটের কারণেই লিভারপুলগামী ১৯ সদস্যের স্কোয়াডে রাখা হয়নি ভিনিসিয়ুসকে। রিয়াল মাদ্রিদের ‘এক্স’ একাউন্টে এক বিবৃতিতে ভিনিসিয়ুস লিখেছেন, ‘পাগলাটে সূচি। এবার সেরে ওঠার সময়।’
নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগে ৩৬ দলের টেবিলে রিয়াল মাদ্রিদ রয়েছে ১৮তম স্থানে। অন্যদিকে, লিভারপুল রয়েছে টেবিলের এক নম্বরে। চার ম্যাচ খেলে সবগুলো জিতেছে তারা। আর রিয়াল মাদ্রিদ চার ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। তারা দুটি ম্যাচ জিতলেও হেরেছে সমান দুটি ম্যাচ।
আজ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, পিএসজি, আর্সেনালের মতো বড় দল। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে ব্রেস্টের বিপক্ষে, বায়ার্ন ঘরের মাঠে খেলবে পিএসজির বিপক্ষে, ইন্টার মিলান আতিথ্য দেব জার্মানির লাইপজিগকে আর ইতিহাদে ডাচ ক্লাব ফেইনুর্ডের বিপক্ষে খেলবে হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ম্যানসিটি। আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল খেলতে যাবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের মাঠে। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে।
গ্রুপ পর্বে ৩৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপে পড়েছে ৯টি করে দল। প্রতি দল ৮টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলে ৩৬ দলের মধ্যে শীর্ষ ৮টি উঠে যাবে নকআউটে (শেষ ষোলো)। এরপর ৯ থেকে ২৪তম দল নকআউটের প্লে-অফে মুখোমুখি হবে। ২৫ থেকে ৩৬তম দল এবারের আসর থেকে বিদায় নেবে।










