মাহমুদুল হাসান জয়ের অনবদ্য এক সেঞ্চুরির পরও ডারবান টেস্টের প্রথম ইনিংসে ৬৯ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। এই লিডকে পুঁজি করে বাংলাদেশের ওপর ক্রমেই চাপ বাড়াচ্ছে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিন ১ উইকেটে ১০৫ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় স্বাগতিকরা। দুই ইনিংস মিলে স্বাগতিকদের লিড এখন ১৭৪ রানের। ডিন এলগার ৬২ ও কিগান পিটারসেন ২১ রানে অপরাজিত থেকে বাংলাদেশের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন।


দলীয় ৪৮ রানের মাথায় প্রোটিয়া ওপেনার সারেল আরউইকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন ফাস্ট বোলার এবাদত হোসেন। আরউইকে তিনি লেগ বিফোরের ফাঁদে ফেলেন। যদিও এরপর অবিচ্ছিন্ন থেকে ১৪.৩ ওভারে ৫৭ রান তুলে দলকে সংহত জায়গায় নিয়ে যান এলগার ও পিটারসেন।


এ নিয়ে টানা দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন প্রোটিয়া দলনায়ক। প্রথম ইনিংসে তিনি করেন ৬৭ রান। আজ দুর্দান্ত খেলে ৭৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।


প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৩৬৭ রানের জবাবে বাংলাদেশ ২৯৮ রানে অলআউট হয়।