টি২০ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। কিন্তু ব্যাট করতে নেমেই আসা-যাওয়ার প্রতিযোগিতায় মত্ত হয় বাংলাদেশের ব্যাটাররা। ৩৩ রান তুলতেই দলটি হারিয়েছে ৫ উইকেট। শঙ্কা তৈরি হয়েছে টি২০ বিশ্বকাপে আরো একবার শতরানের নিচে ইনিংস শেষ করার। সান্ত্বনার জয় নিয়েও এখন ধোঁয়াশা।
এ রিপোর্ট লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৭ উইকেটে ৬৪ রান। মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ ও তাসকিন আহমেদ ১ রানে ব্যাট করছিলেন।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
সান্ত্বনার জয় খুঁজতে নামা বাংলাদেশ দল এ ম্যাচে একাদশে আনে একটি পরিবর্তন। স্পিনার নাসুম আহমেদকে বাদ দিয়ে দলে যুক্ত করা হয় মোস্তাফিজুর রহমানকে।
ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ‘গোল্ডেন ডাক’- এ সাজঘরে ফিরেন লিটন দাস। মিচেল স্টার্কের বলে বেল উড়িয়ে যায় তার। ১ রানে ১ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় ওভারের শেষ বলে আবারো উইকেট খোয়ায়। এবার শিকার সৌম্য সরকার। জশ হেজেলউড প্যাভিলিয়নে পাঠান তাকে। সৌম্যর আর্জন ৫ রান। পরের ওভারে ম্যাক্সওয়েল এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মুশফিকুর রহিমকে। এক রান আসে তার ব্যাট থেকে। ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ৩২ রানের মাথায় ফেরেন নাঈম শেখও। ১৭ রান করে নাঈম। দলীয় স্কোরে এক রান যোগ হতেই আফিফ হোসেনও সাজঘরে ফেরেন। রানের খাতাই খোলা হয়নি তার।
এরপর জাম্পার পরপর দুই বলে ফিরে যান শামীম হোসেন ও মেহেদী হাসান।










