ব্রেন্ডন ম্যাককালামকে টপকে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়েছেন বেন স্টোকস। গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্নের রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি টেস্ট উইকেট শিকারের রেকর্ড নিজেদের করে নিয়েছেন জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট। এমনই অসংখ্য রেকর্ড হওয়া মাউন্ট মঙ্গানুই টেস্টটি জিতে নিল রূপকথার মতো ছুটে চলা ইংল্যান্ডই। ৩৯৪ রানের টার্গেটে ব্যাটিং করা নিউজিল্যান্ড আজ চতুর্থ দিন ১২৬ রানে অলআউট হয়ে গেলে ২৬৭ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

 

ব্রডের আগুণে বোলিংয়ের মুখে শনিবার তৃতীয় দিনই পাঁচ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। আজ ভোরে স্বাগতিকরা পড়ে আরেক গতি বোলার অ্যান্ডারসনের তোপের মুখে। ব্রডের মতো তিনিও শিকার করেন চারটি উইকেট। ১০.৩ ওভারে ১৮ রান দিয়ে তিনি নেন চার উইকেট। এতে ৬৩/৫ স্কোর নিয়ে দিন শুরু করা কিউইরা দেখতে না দেখতেই গুটিয়ে যায় ১২৬ রানে। তাদের ইনিংসের আয়ু ছিল মাত্র ৪৫.৩ ওভার। আজ সকালে পাঁচ উইকেট তুলে নিলে স্টোকসের দলের এক ইনিংসেরও কম সময় লাগে। এই সহজ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।

 

প্রথম ইনিংসে ৮১ বলে ৮৯ ও দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৫৪ রান করা হ্যারি ব্রুক হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়।

 

২০০৮ সালে শুরু হওয়া অ্যান্ডারসন ও ব্রড জুটির উইকেটসংখ্যা এখন ১০০৯টি। ৪০ বছর বয়সী অ্যান্ডারসন ১৭৮ টেস্টে নিয়েছেন ৬৮২ উইকটে। আর ৩৬ বছর বয়সী ব্রড ১৬০ টেস্টে নিয়েছেন ৫৭১ উইকেট।

 

ইংল্যান্ডের অবিশ্বাস্য ছুটে চলা। স্টোকস অধিনায়ক ও ব্রেন্ডন ম্যাককালাম কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর পুরোপুরি বদলে যাওয়া ইংল্যান্ড এ নিয়ে ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয় পেল। আবার গত জুনে স্টোকস অধ্যায় শুরুর পর ইংল্যান্ড ২১ বার ফিল্ডিংয়ে নেমে প্রতিবারই প্রতিপক্ষের ১০ উইকেট নিয়েছে!

 

শুক্রবার ভোরে ওয়েলিংটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এটিই শীতে ইংল্যান্ডের শেষ টেস্ট।