চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পর ইউরোপা লিগেও ব্যর্থ বার্সেলোনা। তাদের আশা শুধু স্প্যানিশ লা লিগা নিয়ে। এই লিগে শিরোপার সম্ভাবনা উজ্জ্বল করেছে কাতালানরা। ২০১৮-১৯ মৌসুমের পর শিরোপার ঘ্রাণ পাচ্ছে দলটি। শনিবার রাতে এলচেকে ৪-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানধারী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে যায় জার্ভি হার্নান্দেজের দল।

 

এলচের মাঠে পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি জোড়া গোল (২০ ও ৬৬ মিনিট) করে বার্সার জয়ে বড় অবদান রাখেন। এছাড়া আনসু ফাতি ও ফেরান তোরেস একটি করে গোল পান। লেভানডোভস্কি, গাভি ও তোরেসরা প্রত্যেকে আবার অ্যাসিস্টও করেন।

 

এই জয়ের পর ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শিরোপার দিকে ছুটছে বার্সেলোনা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ, যারা আজ রোববার রাতে ঘরের মাঠে খেলবে রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে। রিয়াল জিতলেও ১২ পয়েন্টে এগিয়ে থাকবে বার্সেলোনা।

 

শনিবার রাতের জয় শেষে বার্সার কোচ জাভি বলেন, ‘‌এখনই শেষ হয়ে যায়নি এবং আমাদের জয়ের ধারায় থাকতে হবে। এটা আমাদের দল ও খেলোয়াড়দের জন্য দারুণ এক রাত ছিল, এখন খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াতে হবে।’

 

বার্সার যেমন শীর্ষে, এলচে তেমনি টেবিলের তলানিতে অবস্থান করছে। ২৭ ম্যাচে ১৩ পয়েন্ট দলটি, যা বার্সার চেয়ে ৫৮ পয়েন্ট কম। গুরুত্বপূর্ণ দিক হলো, তারা নিরাপদ অবস্থান থেকেও তারা ১৪ পয়েন্ট দূরে।