দিনটির জন্য বসে থাকতে হয়েছে সুদীর্ঘ ৩৬ বছর। ফলে কাতার বিশ্বকাপের শিরোপা জয়ের খবর পাওয়ামাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েছে বুয়েন্স আয়ার্সের রাজপথ। চ্যাম্পিয়ন মেসি-ডি মারিয়াদের এক নজর দেখতে রাজধানী বুয়েন্স আয়ার্সের রাজপথে ৪০ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে আর্জেন্টিনার ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ওবেলিস্কে ছাদখোলা বাসে ভক্তদের সঙ্গে বিজয় উদযাপনের কথা ছিল চ্যাম্পিয়নদের। কিন্তু তার আর হলো কই, নিরাপত্তা ও জনসমুদ্রের কারণে বাধ্য হয়ে সিদ্ধান্ত বদলাতে হয়েছে কর্তৃপক্ষকে। ছাদখোলা বাস ছেড়ে হেলিকপ্টারে চক্কর দিতে দেখা যায় মেসিদের। সিদ্ধান্ত বদলানোয় এরইমধ্যে ক্ষমাও চেয়েছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট কার্যালয়। খবর দ্য গার্ডিয়ান। 

প্রেসিডেন্টের মুখপাত্র গ্যাব্রিয়েলা সেরুতে জানান, ‘এমন ভিড়ে বাসে খেলোয়াড়দের সেখানে যাওয়া অসম্ভব। বিশ্ব চ্যাম্পিয়নরা হেলিকপ্টারে করে প্যারেড রুটের ওপর দিয়ে গেছেন’। পরিকল্পিত বাস সফর বাতিলের জন্য পুলিশকে দায়ী করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়া। টুইটারে তিনি  বলেন, ‘তারা (পুলিশ) আমাদের ওবেলিস্কে গিয়ে লাখো মানুষের সঙ্গে আনন্দ উৎসবে যোগ দিতে দেয়নি। যেই নিরাপত্তা সংস্থাগুলো আমাদেরকে এস্কর্ট করেছে, তারাই আমাদের দিচ্ছে না। সব চ্যাম্পিয়ন খেলোয়াড়ের নামে হাজারো ক্ষমা চাচ্ছি। এটা লজ্জাজনক।

বুয়েন্স আয়ার্সের প্রতিবেদনে এসেছে, স্থানীয় সময় বিকাল ৩টা ৩০ মিনিটে পুলিশের দল এবং ছাদখোলা বাসটি শামুকের গতিতে জনসমুদ্রের দিকে যেতে থাকে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, সমর্থকরা ফ্লাইওভার এবং ব্রিজ থেকে খেলোয়াড়দের বাসে ঝাঁপ দেয়ার চেষ্টা করে। কয়েকজন নিচে পড়ে যায়। একপর্যায়ে প্যারেড বাতিল করা হয়। দুর্ঘটনায় ১৮ জন আহত হন।