অ্যাডিলেডে শুক্রবার গোলাপী বলের ডে-নাইট টেস্ট শুরু হবে। পার্থ টেস্ট জিতে ১-০তে এগিয়ে থেকে অ্যাডিলেডে মাঠে নামছে ভারত। সফরকারী দলের জন্য সুখবর—এই ম্যাচে খেলবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যদিও তিনি সব সময়ের মতো ওপেনিংয়ে নয়, ব্যাট করবেন নিচের দিকে কোথাও। আর ওপেন করবেন লোকেশ রাহুল, যিনি পার্থেও ওপেন করেছেন জশস্বী জয়সোয়ালের সঙ্গে। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে রোহিত নিজেই এ কথা জানিয়েছেন।
সুস্থ হয়ে ফিরেছেন শুভমন গিলও। সেক্ষেত্রে ভারতের ব্যাটিং অর্ডার এরকম হতে পারে—জয়সোয়াল, লোকেশ, গিল, বিরাট কোহলি, রোহিত, ঋষভ পন্ত এবং এরপর অলরাউন্ডাররা।
রোহিতের অনুপস্থিতিতে পার্থ টেস্টে যথাক্রমে ২৬ ও ৭৭ রান করেছেন লোকেশ। তিনি প্রথম ইনিংসে ৭৪ বল ও দ্বিতীয় ইনিংসে ১৭৬ বল মোকাবেলা করেছেন। ব্যাট করেছেন প্রায় ৪০০ মিনিট। পার্থ টেস্টের পারফরম্যান্স দিয়েই তিনি ওপেনিংয়ে জায়গা পাকা করেছেন প্রায়। তাইতো রোহিত নিজেই ওপেনিং ছেড়ে দিয়ে একটু নিচের দিকে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সংবাদ সম্মেলনে ভারতীয় দলনায়ক বলেন, ‘সে (লোকেশ) ব্যাটিংয়ে ওপেন করবেন, আর আমি অন্য কোথাও।’










