পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যাওয়ার উপলক্ষ এল দ্বিতীয় কোয়ার্টারে। এরপর কাজাখস্তান দ্রুতই সমতা ফেরায়। তৃতীয় কোয়ার্টারে কর্তৃত্ব করে বাংলাদেশ ৫-১ গোলের দারুণ এক জয় তুলে নেয়। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে হেরে এ প্রতিযোগিতা শুরু করে স্বাগতিকরা।
ইন্দোনেশিয়ার জাকার্তায় গতকাল এএইচএফ কাপ হকির পুল ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন আশরাফুল ইসলাম। বাকি তিন গোলদাতা নাঈম উদ্দিন, রাকিবুল ইসলাম ও সোহানুর রহমান সবুজ। পঞ্চম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, সুযোগটি যদিও কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেও পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ আশরাফুল-রাকিবুলরা। পেনাল্টি কর্নার থেকেই ২৪তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। নিখুঁত ড্রাগ ফ্লিকে লক্ষ্যভেদ করেন আশরাফুল। এর একটু পরই মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে ২০ মিনিট। তাতে ছেদ পড়ে বাংলাদেশের ছন্দে। সেই সুযোগে পেনাল্টি কর্নার থেকে ৩০তম মিনিটে আগিমতাই গোল করে সমতায় ফেরায় কাজাখস্তানকে। আগের ম্যাচে তারা শ্রীলংকার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে।










