দারুণ এক থ্রিলার লিখে টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডে দ্বিতীয় জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা। আজ শারজায় গ্রুপ-ওয়ান এর উত্তেজনাপূর্ণ ম্যাচে শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। এ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখল তেম্বা বাভুমার দল।


পেন্ডুলামের সুতোর মতো দুলতে থাকা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন ডেভিড মিলার (১৩ বলে ২৩) ও কাগিসো রাবাদা (৭ বলে ১৩)। সপ্তম উইকেটে মাত্র ১৫ বলে ৩৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তারা দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দেন। এর মধ্যে শেষ ওভারে ১৫ রান তোলার চ্যালেঞ্জে জয়ী হন তারা। ৪৬ বলে ৪৬ রান করে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক বাভুমা। প্রোটিয়াদের এই জয়ে বিফলেই যায় লংকান স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার অনবদ্য এক হ্যাটট্রিক। বাভুমা, এইডেন মার্করাম ও ডোয়াইন প্রিটোরিয়াসকে শিকার করে তিনি হ্যাটট্রিক পূর্ণ করেন।   


এর আগে পাথুম নিশাঙ্কার ৭২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ২০ ওভারে ১৪২ রানের মাঝারি পুঁজি পায় শ্রীলংকা। দলীয় ২০ রানের মাথায় ওপেনার কুশল পেরেরাকে ফিরিয়ে প্রোটিয়াদের ব্রেক থ্রু এনে দেন এনরিখ নরকিয়া। এরপর স্পিন ও পেস আক্রমণে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সিংহলিজরা। তাই নিশাঙ্কার হাফসেঞ্চুরির (৫৮ বলে ৭২) পরও সংগ্রহটা দেড়শ ছাড়ায়নি শ্রীলংকার। নিশাঙ্কা ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল চারিথ আসালঙ্কা (২১) ও দাসুন শানাকা (১১)। শেষ দিকে আশানুরূপ রান আসেনি। মাত্র ১১ রান তুলতেই চার উইকেট হারায় সিংহলিজরা।


আইসিসি টি২০ র্যাংকিংয়ের শীর্ষ বোলার তাবরাইজ শামসি ও ডোয়াইন প্রিটোরিয়াস উভয়ই ১৭ রানের খরচায় তিনটি করে উইকেট নেন। আর এনরিখ নরকিয়া নেন দুটি উইকেট। 

আজ রাতের ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে ইংল্যান্ড।