একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) উদ্বোধনী ম্যাচে জমজমাট লড়াই হলো দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশালের মধ্যে। বরিশালকে ১৯৮ রানের বিশাল টার্গেট দিয়েও জিততে পারেনি রাজশাহী। মাহমুদউল্লাহ ও ফাহিম আশরাফের দুই টর্নেডো ফিফটি ১১ বল ও ৪ উইকেট হাত রেখে অভাবনীয় জয় এনে দেয় বরিশালকে।

আজ উদ্বোধনী ম্যাচ শুরুর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে টিকিট নিয়ে তুলকালাম কাণ্ড ঘটান ক্রিকেট সমর্থকরা। টিকিট না পেয়ে তারা স্টেডিয়ামের প্রধান ফটকে হামলা চালান, এক ক্রিকেটারের গাড়িও আটকে দেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

এরপর মাঠের লড়াইও জমল বেশ। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী ২৫ রানের মধ্যে হারিয়ে ফেলে জিশান আলম ও মোহাম্মদ হারিসের উইকেট। সেখান থেকে জুটি বেধে ৮৭ বলে ১৪০ রান যোগ করেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। এনামুল ৫১ বলে ৪ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ৬৫ রান করে সাজঘরের পথ ধরার পর জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ার্ন বার্লকে নিয়ে ১৪ বলে ৩২ রান যোগ করে রাজশাহীকে ১৯৭ রানের পুঁজি এনে দেন ইয়াসির। তিনি ৪৭ বলে ৭ বাউন্ডার ও ৮ ওভার বাউন্ডারিতে ৯৪ রান করেন।

কাইল মায়ার্স ৩ ওভারে ১৩ রান দিয়ে নেন ২ উইকেট। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি ৩৩ রান দিয়ে উইকেটশূন্য।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে দুই ওভারের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবাল আউট! এখানেই শেষ নয়। দলীয় ৬১ রানের মধ্যে একে একে বিদায় নেন কাইল মায়ার্স (৬), মুশফিকুর রহিম (১৩) ও তাওহীদ হৃদয় (৩২)। এরপরও জয়ের আশা ছাড়েনি বরিশাল।

শাহিন আফ্রিদিকে নিয়ে ২৫ বলে ৫১ রান যোগ করে আশা বাঁচিয়ে রাখেন মাহমুদউল্লাহ। শাহিন ১৭ বলে ১ বাউন্ডার ও ৩ ওভার বাউন্ডারিতে ২৭ রান করে তাসকিন আহমেদের বলে হার মানেন। এরপর আরেক পাকিস্তানি ফাহিম আশরাফকে (২১ বলে ১ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে ৫৪*) নিয়ে ৩৫ বলে ৮৮ রানের টর্নেডো পার্টনারশিপে বরিশালের জয় নিশ্চিত করেন মাহমুদউল্লাহ (২৬ বলে ৫ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৫৬*)।

আজ সন্ধ্যায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।