ক্রাইস্টচার্চ টেস্টে ইংল্যান্ডের জয়ের ভিতটা আগেই গড়া হয়ে যায়। প্রথম ইনিংসে তারা ১৫১ রানের বড় লিড পায়। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ২৫৪ রান করার পরও তাই ইংল্যান্ডের সামনে মাত্র ১০৪ রানের টার্গেট দাঁড়ায়। এই টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২.৪ ওভারে জয় তুলে নেয়। ১০০ এর চেয়ে বেশি রান তাড়ায় যা টেস্ট ইতিহাসে দ্রুততম। ওভারপ্রতি ৮.২১ গড়ে রান তুলেছে ইংলিশরা! বেন স্টোকসের দল ৮ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল।

শনিবার ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড। তাদের লিড ছিল মাত্র ৪ রানের। আজ রোববার সেখান থেকে লড়াই করে দলকে ১০৩ রানের লিড এনে দেন ড্যারিল মিচেল। ১৬৭ বলে ৮৪ রান করেন তিনি। যদিও এই রান দিয়ে তারকাখচিত ইংল্যান্ড দলকে আটকানো অসম্ভব। তার ওপর নির্দয় ব্যাটিংয়ে ১৩ ওভারের মধ্যে জয় নিশ্চিত করে ফেলে অতিথি দলটি। বেন ডাকেট ১৮ বলে ২৭ রান তুলে দেয়ার পর জ্যাকব বেথেল ৩৭ বলে ৫০ ও জো রুট ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ৬৪ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ৪২ রানে ৬টি উইকেট নেয়া পেস বোলার ব্রাইডন কার্স হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়। ১৭১ রানের ইনিংস খেলে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যারি ব্রুক।

সদ্যই ভারতের মাটিতে ৩-০তে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়া নিউজিল্যান্ডকে এবার মাটিতে নামাল ইংল্যান্ড।

৬ ডিসেম্বর ওয়েলিংটনে দ্বিতীয় ও ১৪ ডিসেম্বর হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে।