চট্টগ্রাম টেস্টে আজ বৃহস্পতিবার পঞ্চমদিন প্রথম সেশনের ১৪ ওভার নির্বিঘ্নে কাটায় শ্রীলংকা। আগ্রাসী ব্যাটিং করে কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নে ওভার প্রতি রানরেট রাখেন সাড়ে চারের ওপরে। সেশনের ১৫তম ওভারে কুশলকে সরাসরি বোল্ড করে ৬৭ রানের জুটি ভাঙেন তাইজুল ইসলাম। আউট হওয়ার আগে ৪৩ বলে ৪৮ রান করেন এ লংকান টপ অর্ডার ব্যাটার। ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কার বাউন্ডারি।

এরপর উইকেটে আসেন প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথুস। দ্বিতীয় ইনিংসে তাকে রানের খাতা খোলারই সুযোগ দেননি অর্থডক্স তাইজুল। ১৫ বল মোকাবেলা করে তাইজুলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা সাদা রেখে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪ উইকেটে ১২৮ রান। তাতে শ্রীলংকার লিড দাঁড়ালো ৬০ রান। 

অধিনায়ক করুনারত্নে ৪৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১২ রানে ব্যাট করছেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাইজুল। গতকাল চতুর্থ দিন ওপেনার ওশাদা ফার্নান্দোকেও রান আউটের ফাঁদে সাজঘরে ফিরিয়েছিলেন তিনি।

জোড়া সেঞ্চুরি ও হাফসেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ করেছে ৪৬৫ রান। প্রথম ইনিংসে শ্রীলংকার সংগ্রহ ছিল ৩৯৭ রান। তাতে প্রথম ইনিংস থেকে ৬৮ রানের লিড পায় বাংলাদেশ।