একই মায়ের গর্ভ থেকে একসঙ্গে জন্ম নেয়া ৯ শিশুকে বলা হয় বিশ্বের একমাত্র ননপ্লেট। ২০২১ সালে মালিতে তাদের জন্মের পর বিশেষ স্বাস্থ্যসেবার জন্য মরক্কো নিয়ে যাওয়া হয়। ১৯ মাস মরক্কোর কাসাব্লাঙ্কায় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকার পর সম্প্রতি ওই নয় শিশু মালিতে ফিরেছে। বিবিসির খবর।

একসঙ্গে এক গর্ভ থেকে অনেক শিশু জন্ম হওয়ার রেকর্ড আরো রয়েছে। তবে তাদের জীবিত থাকার হার বেশ কম। একসঙ্গে জন্ম নেয়া শিশুদের মধ্যে সবাই বেঁচে থাকার দিক থেকে এই নয় শিশু এরই মধ্যে গিনেস বুকে নাম তুলেছে।

৩০ সপ্তাহ মাতৃগর্ভে থেকে সিজারের মাধ্যমে তাদের জন্ম হয়েছিল। নয় শিশুর মধ্যে পাঁচটি মেয়ে এবং চারটি ছেলে। জন্মের সময় শিশুগুলোর ওজন ছিল আধা কেজি থেকে এক কেজির মধ্যে। অপরিণত অবস্থায় জন্মের কারণে চিকিৎসকরা ঝুঁকির আশঙ্কা করছিলেন। ফলে জন্মের প্রথম মাস মা ও শিশুরা হাসপাতালে কাটিয়েছে।

শিশুদের বয়স যখন এক বছর, তখন তাদের বাবা আবদেল কাদের আরবি বলেছিলেন, নয় শিশুর সবাই একে অপরের থেকে আলাদা। এর মধ্যে কেউ কেউ শান্ত, আবার কেউ কেউ চঞ্চল। কেউ হামাগুড়ি দিতে পছন্দ করে, আবার কেউ হয়তো কোলে ওঠার সুযোগ খুঁজতে থাকে।