মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ রোববার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৩৭ বলে সেঞ্চুরি করে ভারতকে ১৫০ রানের বিশাল জয় এনে দিয়েছেন ভারতের অভিষেক শর্মা। দুটি টেস্ট খেলুড়ে দেশের কোনো টি-টোয়েন্টি ম্যাচে এটা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রয়েছে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড। আর সব মিলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা এস্তোনিয়ার সাহিল চৌহানের। গত বছর সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।
অভিষেক শর্মার আগ্রাসী ব্যাটিংয়ে আজ মাত্র ১০ ওভারেই ২ উইকেটে ১৪৩ রান তুলে নেয় স্বাগতিক ভারত। স্বাগতিকরা পাওয়ার প্লের ৬ ওভারে তুলে নেয় ৯৩ রান! যদিও এই গতি পরের ১০ ওভারে ধরে রাখতে পারেনি সূর্যকুমার যাদবের দল। শেষ ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৪ রান তুলতে পেরেছে তারা। ২০ ওভারশেষে সংগ্রহ ২৪৭/৯। অভিষেক ৫৪ বলে ১৩৫ রান করেন।
৩৭ বলে ৫ বাউন্ডারি ও ১০ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন অভিষেক। এটা তার দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি। গত বছর হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি।
শুরুতে ঝড় তুললেও ৭ বলে ২১ রান করে সাজঘরের পথ ধরেন সাঞ্জু স্যামসন। এরপর দ্বিতীয় উইকেটে মাত্র ৪৩ বলের মোকাবেলায় ১১৫ রানের জুটি গড়েন অভিষেক শর্মা ও তিলক ভার্মা। এর মধ্যে তিলকের অবদান মাত্র ২৪ রান! ১৫ বলে ২৪ রান করে তিনি ব্রাইডন কার্সের শিকার হয়েছেন। পরে শিবাম দুবে ১৩ বলে ৩০ ও অক্ষর প্যাটেল ১১ বলে ১৫ রান করে দলের সংগ্রহ আড়াইশর কাছাকাছি নিয়ে যান। ব্রাইডন কার্স তিনটি ও মার্ক উড দুটি উইকেট নেন।
বিশাল এ রান তাড়া করতে নেমে ইংলিশরা গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে। ভারত জিতেছে ১৫০ রানের বিশাল ব্যবধানে। সেঞ্চুরির পর ৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অভিষেক শর্মা। ভারত সিরিজ জিতেছে ৪-১-এ।










