ওয়েলিংটন টেস্টে বাজেভাবে হারলেও দুই টেস্টের সিরিজ ড্র করার দারুণ সুযোগ এসেছে নিউজিল্যান্ডের সামনে। ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসের ঘাটতি কাটিয়ে উঠে অস্ট্রেলিয়াকে ২৭৯ রানের টার্গেট ছুড়ে দিতে সমর্থ হয় কিউইরা। রান তাড়া করতে নেমে ৩৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে প্যাট কামিন্সের দল। আজ রোববার তৃতীয় দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ৭৭/৪। জিততে তাদের আরো করতে হবে ২০২ রান, আর কিউইদের তুলে নিতে হবে ৬ উইকেট। মিচেল মার্শ ২৭ ও ট্রাভিস হেড ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

 

২ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিন মাঠে নামা কিউইরা ৩৭২ রান তুলতে অলআউট হয়। রাচিন রবীন্দ্র সর্বোচ্চ ৮২ রান করেন। এছাড়া টম ল্যাথাম ৭৩, ড্যারিল মিচেল ৫৮ ও কেন উইলিয়ামসন ৫১ রান করেন। এরপর বেন সেয়ার্স ও ম্যাট হেনরি ৪ উইকেট শিকার করে স্বাগতিকদের দারুণ এক অবস্থান গড়ে দেন। এই দুই পেসার সাজঘরে ফেরান স্টিভেন স্মিথ, মারনুস লাবুশেন, উসমান খাজা ও ক্যামেরন গ্রিনকে।

   

দিনশেষে কিউই ব্যাটার টম ল্যাথাম বলেন, ‘দারুণ এক দিন কাটল আমাদের। মার্শ ও হেড অজিদের টানার চেষ্টা করবে, তবে আমরা ভালোভাবেই আছি। আগামীকাল রোমাঞ্চকর এক দিন কাটবে। আশাকরি বোলাররা আজ বিশ্রাম নিয়ে কাল দুর্দান্ত পারফর্ম করবে।’

 

এর আগে ওয়েলিংটন টেস্টে ১৭২ রানের জয় পায় অস্ট্রেলিয়া।

 

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ১৬২ ও ৩৭২ (রাচিন ৮২, ল্যাথাম ৭৩, ড্যারিল ৫৮, উইলিয়ামসন ৫১; কামিন্স ৪/৬২, লায়ন ৩/৪৯)। অস্ট্রেলিয়া: ২৫৬ ও ৭৭/৪ (মার্শ ২৭*, হেড ১৭*; বেন সেয়ার্স ২/২২, ম্যাট হেনরি ২/৩৭)।—তৃতীয় দিন শেষে