বিশ্বকাপ-২০২৬ বাছাইপর্বে ব্রাজিলের জয়ের একদিন পরেই রোববার ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মন্টেভিডিওতে স্বাগতিক উরুগুয়ের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
আজ উরুগুয়ে ও বুধবার ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। চোটের কারণে এ দুটি বড় ম্যাচে একঝাঁক শীর্ষ তারকাকে পাচ্ছে না বর্তমান লাতিন ও বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমে ছিটকে পড়েছেন লিওনেল মেসি ও পাওলো দিবালা। সর্বশেষ এ তালিকায় যুক্ত হন ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন তিনি।
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চোটের কারণে সরে দাঁড়াতে হয় ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারকে। তিনি ইন্টারের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়েন মার্টিনেজ। ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালের একমাত্র গোলটিও তার করা। মার্তিনেজ ছিটকে পড়ায় তার জায়গায় দেখা যেতে পারে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ানো সিমিওনেকে। তিনি কোচ দিয়েগো সিমিওনের পুত্র।
বিশ্বকাপ বাছাইপর্বে ১২ রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২৫। বাকি ১৮ পয়েন্টের মধ্যে ৬ পয়েন্ট পেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে লিওনেল স্কালোনির দলের।
আজ কলম্বিয়াকে হারিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট সেলেসাওদের। টেবিলের তিনে নেমে গেছে উরুগুয়ে (২০)। আজ চিলিকে ১-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠেছে প্যারাগুয়ে (২০)। একধাপ করে অবনমন হয়েছে একুয়েডর (১৯) ও কলম্বিয়ার (১৯)। আজ সাত নম্বরে থাকা বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে দিয়েছে পেরু।










