মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিং বেছে নেয়া বাংলাদেশ প্রথম সেশনে দুই ওপেনারকে হারিয়েছে।

২ উইকেটে ৮২ রান নিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতিতে যায় স্বাগতিক দল। ফেরার পর আউট হয়ে যান অধিনায়ক সাকিব আল হাসান।

মুমিনুল হক ৪০  ও মুশফিকুর রহিম ২৬ রানে ব্যাট করছিলেন। এ প্রতিবেদন লেখার সময় দলের সংগ্রহ ছিল ১২৯/৩।

দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান সকালে এক ঘণ্টা দারুণভাবে কাটিয়ে দিলে ১৫তম ওভারে ব্রেক থ্রু পায় ভারত। জয়দেব উনাড়কাতের বলে লোকেশ রাহুলকে স্লিপে ক্যাচ দেন চট্টগ্রামে সেঞ্চুরি করা জাকির। আজ তিনি ৩৪ বলে ১৫ রান করেন তিনি।

পরের ওভারের দ্বিতীয় বলে রবিচন্দ্র অশ্বিন লেগ বিফোরের ফাঁদে ফেলেন শান্তকে। ৫৭ বলে ২৪ রান করে বিদায় নেন তিনি।

মধ্যাহ্ন ভোজের পর খেলা শুরু হলে উমেশ যাদবের প্রথম বলেই মিড অফে চেতেশ্বর পুজারাকে ক্যাচ দেন সাকিব।