সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আজ এল ক্ল্যাসিকো। ২০২২-২৩ মৌসুমের সুপার কোপা ডি এসপানা (স্প্যানিশ সুপার কাপ) ফাইনালে আজ মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

স্পন্সরের কারণে ২০১৯-২০ মৌসুম থেকে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে স্প্যানিশ সুপার কাপের চারটি আসর। আগের তিন আসরের মধ্যে রিয়াল দুবার ও অ্যাথলেটিক বিলবাও একবার শিরোপা উৎসব করেছে। সুপার কাপে রেকর্ড ১৩ বার শিরোপা জিতলেও সৌদি আরবে চার দলের ফরম্যাটে এখনো চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। এবার কাতালানদের সামনে শিরোপা জয়ের সুযোগ এসেছে।

দুটি দলই টাইব্রেকারে জিতে ফাইনালে উঠেছে। রিয়াল মাদ্রিদ ১১ জানুয়ারি টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় ভ্যালেন্সিয়াকে। এর আগে ১২০ মিনিটের লড়াইটা ১-১ গোলে অমীমাংসিত ছিল। এরপর ১২ জানুয়ারি রিয়াল বেতিসকে হারাতে টাইব্রেকারের সাহায্য নিতে হয় বার্সাকে। তারা ৪-২ গোলের জয় তুলে নেয়। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ২-২ গোলে ড্র অমীমাংসিত ছিল। এরপর টাইব্রেকারে দু-দুটি শট ঠেকিয়ে দিয়ে বার্সার জয়ের নায়ক জার্মান গোলকিপার আন্দ্রে টের স্টেগেন।

বেতিসের কঠিন চ্যালেঞ্জ জয়ের পর বার্সার সামনে এবার শিরোপার লড়াই। সেখানে প্রতিপক্ষ শক্তিশালী রিয়াল মাদ্রিদ। যাদের বিপক্ষে সবশেষ লড়াইয়ের অভিজ্ঞতা সুখকর নয়। গত অক্টোবরে মৌসুমের চলতি প্রথম ক্ল্যাসিকোয় রিয়ালের মাঠে হেরেছিল বার্সেলোনা। লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জয় পায় মাদ্রিদ জায়ান্টরা।