ভারত ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার মধ্য দিয়ে আজ ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হলো ৫ জাতির এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি।

আজ আরেক ম্যাচে মুখোমুখি হয় পাকিস্তান ও জাপান। আগামীকাল মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। এদিন আরেক ম্যাচে লড়বে দক্ষিণ কোরিয়া ও জাপান।

আজ উদ্বোধনী ম্যাচে ৪ মিনিটে ললিত কুমার উপাধ্যায়ের গোলে এগিয়ে যায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারতের হারমানপ্রীত। ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমায় কোরিয়া। গোল করেন জেন জং ইউন। চতুর্থ কোয়ার্টারের প্রথম মিনিটেই গোল করে সমতা আনেন কিম সুং ইউন।