চলতি বছর অথবা আগামী বছরে আলফোনসো ডেভিসের সঙ্গে চুক্তি চূড়ান্তের ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ।  দ্য অ্যাথলেটিক সূত্রে এ খবর জানা গেছে।

দীর্ঘদিন ধরে কানাডিয়ান এই তারকার বিষয়ে আগ্রহ দেখিয়ে আসছে লস ব্ল্যাঙ্কোসরা। এবারের গ্রীষ্মে কম বেতনে অথবা আগামী বছর ফ্রি-ট্রান্সফারে ডেভিসকে দলে নিতে চায় মাদ্রিদ।

ডেভিসের মাদ্রিদে যোগদানের বিষয়টি চেলসি ও ম্যানচেস্টার সিটির জন্য দুঃসংবাদ হতে পারে বলে মনে করেন ক্রীড়া বিশেষজ্ঞরা। বায়ার্ন মিউনিখের এই লেফট-ব্যাককে আসন্ন গ্রীষ্মে দলে নিতে প্রিমিয়ার লিগের এই দুই দল জোর চেষ্টা চালিয়েছে। তবে ২৩ বছর বয়সী ডেভিস প্রিমিয়ার লিগ ছেড়ে স্পেনে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে ডেভিস বার্সেলোনার প্রস্তাবও নাকচ করেছেন বলে জানা গেছে। ১৪ বারের ইউরোপীয় চ্যাম্পিয়ন মাদ্রিদকেই বেছে নিয়েছেন তিনি। মাদ্রিদের প্রধান স্কাউট জুনি কালাফাত ও ডিরেক্টর জেনারেল হোসে অ্যাঞ্জেল সানচেজ ডেভিসের সঙ্গে এ বিষয়ে বেশ কয়েকবার আলোচনা করেছেন। একইসঙ্গে তাকে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন না করার অনুরোধ জানিয়েছেন। ২০২৫ সালের জুনে ডেভিসের সঙ্গে বাভারিয়ান্সদের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে।