বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে হ্যাটট্রিক শিরোপার সামনে বসুন্ধরা কিংস। আগামীকাল সাইফ স্পোর্টিং ক্লাবকে হারাতে পারলেই দুই ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা নিশ্চিত করবে কিংস। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিকাল ৪টায় ম্যাচটি শুরু হবে।

১২টি দল নিয়ে চলছে পেশাদার ফুটবল লিগের ১৪তম আসর। দলগুলো দুবার করে মুখোমুখি হয়ে খেলবে ২২টি করে ম্যাচ। এরই মধ্যে ১৯টি করে ম্যাচ খেলেছে দলগুলো। এ পর্যন্ত এসে শিরোপার সুবাস পাচ্ছে বসুন্ধরা।

১৯ ম্যাচ শেষে তাদের ৪৮ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর ৪১ পয়েন্ট। দুই দলেরই তিনটি করে ম্যাচ বাকি আছে। এর মধ্যে ২৫ জুলাই দুদল মৌসুমের ফিরতি লেগেও মুখোমুখি হবে। সাত পয়েন্টে এগিয়ে থাকা বসুন্ধরা সামনের ম্যাচগুলোর একটিতে জিতলেই শিরোপা উৎসব করবে। অন্যদিকে ঢাকা আবাহনী যদি কোনো ম্যাচে হেরে বসে, বসুন্ধরা পরবর্তী সব ম্যাচ হারলেও শিরোপা জিতবে।

সব মিলিয়ে গত দুই আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরার হ্যাটট্রিক শিরোপা উদযাপন স্রেফ সময়ের অপেক্ষা। পেশাদার লিগে এর আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড আছে শুধু ঢাকা আবাহনীর। পেশাদার লিগ শুরু হওয়ার পর প্রথম তিনটি শিরোপা জিতেছিল তারা। লিগের সর্বোচ্চ ছয়টি শিরোপাও তাদের।

এদিকে লিগ থেকে অবনমন হবে দুটি দলের। সেই শঙ্কায় আছে চারটি দল। ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘ অবনমনের ঝুঁকিতে। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (১১ পয়েন্ট), উত্তর বারিধারা (১৩) ও রহমতগঞ্জ (১৪) শঙ্কায় আছে।