চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র বিদায় নিয়েছে শেষ ষোলো পর্ব থেকে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি বিদায় নেয় আরো আগে, গ্রুপ পর্বে। ১৯৯৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়েকে শেষ ষোলোয় হারিয়ে দেয় ২০১১ আসরের বিশ্ব চ্যাম্পিয়ন জাপান। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান নবম ফিফা নারী বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে গিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মধ্যে টিকে থাকে শুধুই জাপান। তারাও শুক্রবার শেষ আটে হেরে যায় সুইডেনের কাছে। এর মধ্য দিয়ে এটা নিশ্চিত হলো, ২০ আগস্ট সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হতে চলেছে নতুন কোনো দেশ।
অকল্যান্ডে শুক্রবার ফেভারিট জাপানকে ২-১ গোলে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয় সুইডেন। সেমিফাইনালে তারা মুখোমুখি হবে স্পেনের। শুক্রবার ওয়েলিংটনে আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে স্পেনের মেয়েরা।
গ্রুপ পর্বে তিনটি দলকেই গুঁড়িয়ে দেয়া ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়ন জাপান শেষ ষোলোয় হারায় আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়েকে। কোয়ার্টার ফাইনালে সুইডেনের বিপক্ষে তারাই ছিল ফেভারিট। যদিও সুইডিশ নারীরা শুরুতেই জাপানকে চেপে ধরে এবং ৫১ মিনিটের মধ্যে ২-০-তে লিড নেয়। ৩২ মিনিটে আর্সেনালের ডিফেন্ডার আমান্দা ইলেস্টেড গোল করেন। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করে দেন ম্যানসিটির মিডফিল্ডার ফিলিপ্পা অ্যাঙ্গেলদাল। ৮৭ মিনিটে হোনোকো হায়াশির গোলে ব্যবধান কমলেও সমতা আনা কিংবা জয় পাওয়া আর হয়নি।
এদিকে, গতকাল ফ্রান্সের সঙ্গে স্নায়ুক্ষয়ী লড়াই শেষে টাইব্রেকারে ৭-৬ গোলের নাটকীয় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। এর আগে ১২০ মিনিটের লড়াই গোলশূন্য ছিল। এ প্রথম বিশ্বকাপে সেমিফাইনালে উঠল ‘মাতিলদা’ খ্যাত দলটি।
৯০ মিনিটে গোল করতে পারেনি কোনো দল। পরের অতিরিক্ত ৩০ মিনিটেও লক্ষ্যভেদ করতে পারেনি কোনো দল। দুই দলকে আলাদা করেছে শুধু টাইব্রেকার। এ টাইব্রেকারেও হয়েছে টানটান উত্তেজনা। টাইব্রেকারে প্রথম ৫টি করে শটে দুই দলকে আলাদা করা যায়নি। এরপর এক শট করে দিতে থাকে দুই দল। তাতেও যেন কিছুতেই ফল আসছিল না। অবশেষে ভিকি বেচোর শট পোস্টে লেগে ফিরে এলে সুযোগ তৈরি হয় অস্ট্রেলিয়ার। ১৯ বছর বয়সী কোর্টনি ভিনে স্বাগতিকদের পক্ষে জয়সূচক গোলটি করেন।
সব মিলিয়ে দুই দল ২০টি শট নেয়। ফরাসিরা প্রথম ও শেষ শট মিস করে, আর মাতিলদারা প্রথম ও শেষ শটে গোল করে। উত্তেজনাপূর্ণ এ টাইব্রেকারে ৭-৬ গোলের জয় তুলে সেমির টিকিট পায় সহআয়োজক অস্ট্রেলিয়া। বুধবার সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। গতকাল কলম্বিয়াকে ২-১ গোলে হারায় লায়নেসরা।










