অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে ফলো অনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। যদিও জাকের আলী ও তাইজুল ইসলামের দৃঢ়তায় লজ্জা এড়াতে সমর্থ হয় সফরকারীরা। এমনকি তৃতীয় দিন তাদের অলআউটও করতে পারেনি স্বাগতিকরা। রোববার ৯ উইকেটে ২৬৯ রান দিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাসকিন আহমেদ ১১ ও শরিফুল ইসলাম ৯ রান নিয়ে আজ ফের ব্যাটিংয়ে নামবেন। ফলো অন এড়াতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস থেকে এখনো ১৮১ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

মুমিনুল হক ও লিটন দাস ৬২ রানের জুটি গড়ে দলে আশা দেখালেও দুজন নিজেদের ইনিংস বড় করতে পারেননি। মুমিনুল ৫০ ও লিটন ৪০ রান করে সাজঘরে ফিরে যান দলকে অনিশ্চয়তার সাগরে ভাসিয়ে। ভরসা বলতে ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও জাকের আলী অনিক। এই দুজন ২১ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। অধিনায়ক ২৩ রান করে আলজারি জোসেফের শিকার হন।

এরপর মাত্র দ্বিতীয় টেস্ট খেলা জাকের আলী আর স্পিনার তাইজুল ইসলাম কিছুটা দৃঢ়তা দেখান। তারা দুজন ১১৫ বল খেলে বোর্ডে ৬৮ রান যোগ করতে সমর্থ হন। আলজারি জোসেফের বলে তাইজুল বোল্ড হলে এই জুটি ভেঙে যায়। সঙ্গী হারিয়ে এরপর বেশিক্ষণ টিকতে পারেননি জাকেরও। তিনি ৮৯ বলে ৫৩ রান করে জাস্টিন গ্রিভসের শিকার হন। তখন অবশ্য দলের রান ২৪৬। হাসান মাহমুদ ও তাসকিন মিলে দলকে ফলো অনে পড়া থেকে বাঁচিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ তিনটি, জেইডেন সিলস ও জাস্টিন গ্রিভস দুটি এবং কেমার রোচ ও শামার জোসেফ একটি করে উইকেট নেন।