আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ জুন ঢাকায় পৌঁছবে আফগান ক্রিকেট দল। দুই দলের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে ১৪ জুন।

 

আজ বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আফগানিস্তানের সফরসূচি ঘোষণা করে বিসিবি। টেস্টের পর ঈদুল আযহার বিরতি থাকবে। ওই সময় ভারতে অবস্থান করবে আফগান ক্রিকেট দল। এরপর চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সিলেটে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে তারা বাংলাদেশে ফিরে আসবে ১ জুলাই।

 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ জুলাই, আর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

বাংলাদেশ ও আফগানিস্তান মাত্র একটি টেস্টে মুখোমুখি হয়েছে। ২০১৯ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত ওই টেস্টে বাংলাদেশকে ২২৪ রানের বিশাল ব্যবধানে হারানোর লজ্জা দেয় রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রশিদ খান ম্যাচে ১১ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে যথাক্রমে ৫১ ও ২৪ রানের দুটি ইনিংস খেলেন।


 

ওয়ানডেতে বাংলাদেশ এগিয়ে। ১১টি ওয়ানডে খেলে টাইগাররা জিতেছে সাতটিতে। টি২০ ফরম্যাটে আবার আফগানদের কর্তৃত্ব। নয় ম্যাচের মধ্যে ছয়টিই জিতেছে তারা, বাংলোদেশের জয় তিনটি।

  

বাংলাদেশ ও আফগানিস্তান দুটি দলই এ বছর আইসিসি ওয়ানডে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ ক্রিকেট দল সদ্যই ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ২-০তে হারায়।