শীর্ষ ক্লাব ফুটবলে টানা ২৮ ম্যাচ জিতে আগের
বিশ্বরেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল সৌদি আরবের পেশাদার লিগের দল আল-হিলাল। মঙ্গলবার
তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সৌদি আরবের আরেক ক্লাব আল-ইত্তিহাদকে ২-০ গোলে
হারিয়ে এই রেকর্ড গড়েছে।
ওয়েলসের ক্লাব দ্য নিউ সেইন্টসের ২০১৬ সালে
গড়া টানা ২৭ জয়ের রেকর্ড ভেঙে দিল আল-হিলাল। আল-হিলালের এই ২৮ জয়েই খেলেছেন সার্বিয়ান
ফলওয়ার্ড আলেক্সান্ডার মিত্রোভিচ। গত ছর ২১ সেপ্টেম্বর ডামাকের সঙ্গে ১-১ গোলে ড্র
করার পর টানা ২৮ জয় পেল আল-হিলাল।
এই দলটিতে খেলেন উলভারহ্যাম্পটনের সাবেক মিডফিল্ডার
রুবেন নেভেস, ব্রাজিল ফরওয়ার্ড নেইমারসহ বেশ কিছু তারকা। নেইমারকে ৯০ মিলিয়ন ইউরোয়
গত গ্রীষ্মে পিএসজি থেকে দলভুক্ত করে আল-হিলাল। যদিও ব্রাজিলিয়ান সুপারস্টার হাঁটুর
গুরুতর ইনজুরির কারণে অক্টোবর থেকে মাঠের বাইরে।
মঙ্গলবারের এই জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের
সেমিফাইনালে উঠে গেছে আল-হিলাল। দুই লেগ মিলে তারা জিতেছে ৪-০ গোলে। তারা লিগেও শীর্ষস্থানে
রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসেরের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে নেইমারদের দল।
এদিকে, আল-হিলাল যে ২৮ ম্যাচে জিতেছে সেই মাচগুলোতে
দল করেছে ৮১ গোল, যার ২৬ গোল মিত্রোভিচের। এই জয়ের মধ্যে ১৬টি সৌদি লিগে, তিনটি ঘরোয়া
কাপে ও নয়টি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে।










