টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু কাপ ইন্টারন্যাশনাল কাবাডির মুকুট জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে জমজমাট ফাইনালে কেনিয়াকে ৩৪-৩১ পয়েন্টে হারায় বাংলাদেশ। শুরুতে সমানে সমান লড়াই হলেও একপর্যায়ে ৮-৪ পয়েন্টে এগিয়ে যায় কেনিয়া। গতবারের ফাইনালের হারের প্রতিশোধ নিতে উন্মুখ ছিল অতিথিরা। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেন আরদুজ্জামান-রাজীবরা। ১৭-১৪ পয়েন্টে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে শেষ দিকে ম্যাচ জমিয়ে তোলে কেনিয়াও, ব্যবধান কমিয়ে ৩২-৩১-এ নামিয়ে আনে আফ্রিকার দলটি। কিন্তু শেষ রক্ষা হয়নি তাদের। তিন পয়েন্ট ব্যবধানে বাজিমাত করে উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ।

২০২১ সালে প্রতিযোগিতার প্রথম আসরেও ফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের। সে ম্যাচে কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। স্বাগতিকরা এবারো শিরোপা জিতল কোনো ম্যাচ না হেরেই।