কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘ওরিয়ন ৩৬তম বাংলাদেশ অ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ-২০২৩’ এ ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার আরব ডি শাহ এবং মেয়েদের এককে চ্যাম্পিয়ন বাংলাদেশের সোনিয়া আক্তার। দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন নেপাল (ছেলে) ও বাংলাদেশ (মেয়ে)।
আজ
শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবের বেঙ্কুয়েট হলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান। এ সময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করিম।
ছেলেদের একক ইভেন্টে চার রাউন্ডে আরব ডি শাহ ২৮৪ (৪ আন্ডার পার) শট খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। ২৮৬ (২ আন্ডার পার) শট খেলে রানারআপ হয়েছেন নেপালের সুবাস তামাং। তৃতীয় হয়েছেন বাংলাদেশে শফিকুল ইসলাম। তিনি খেলেছেন ২৯০ (২ ওভার পার) শট।
মেয়েদের একক ইভেন্টে দুই রাউন্ডে বাংলাদেশের সোনিয়া আক্তার ১৫২ (৮ ওভার পার) শট খেলে চ্যাম্পিয়ন হয়েছেন। পাকিস্তানের সানিয়া ওসামা ১৫৬ (১২ ওভার পার) শট খেলে রানারআপ হয়েছেন। তৃতীয় হয়েছেন বাংলাদেশের গলফার নাসিমা আক্তার। তিনি খেলেছেন ১৬৩ (১৯ ওভার পার) শট।
ছেলেদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন নেপাল (সুবাস তামাং ও সাদভব আচর্য) এবং রানার্সআপ বাংলাদেশ ‘বি’ দল (লিটন মন্ডল ও শফিকুল ইসলাম)। তৃতীয় বাংলাদেশ ‘এ’ দল (সাহাবুদ্দিন ও মোহাম্মদ সুমন)।
মেয়েদের দলগত ইভেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ (সোনিয়া আক্তার ও নাসিমা আক্তার) এবং রানার্সআপ পাকিস্তান (আবিহা হামিন সৈয়দ ও সানিয়া ওসামা)। তৃতীয় হয়েছে নেপাল (সুশমা সিজেল ও তারা কার্কি)।
মেয়েদের এককে চ্যাম্পিয়ন সোনিয়া আক্তার বলেন, ‘চ্যাম্পিয়ন হতে পেরে অনেক ভালো লাগছে। অনেক কষ্টের পর চ্যাম্পিয়ন হলাম। এটা আমার জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশের জন্যও। আজ শুরু থেকে অনেক ভালো খেলছিলাম, যদিও শেষ দিকে কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম। তারপরও চ্যাম্পিয়ন হয়েছি। সত্যিই আমি খুব রোমাঞ্চিত।’










