ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ। গত বৃহস্পতিবার আইপিএলের সূচি ঘোষণা করা হয়েছে। তবে পুরো সূচি নয়, আপাতত প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। প্রথম দিনই সম্মুখযুদ্ধে নামছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ প্রথম দিনই মুখোমুখি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি। 

২২ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ২১ ম্যাচের আংশিক সূচি ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। প্রথম ম্যাচটি শুরু হচ্ছে রাত ৮টায়। আইপিএলে দুপুরের ম্যাচগুলো শুরু হবে সাড়ে ৩টায়। পরের ম্যাচগুলো সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। শুরুর সময় গতবারের মতোই রয়েছে। এগিয়ে আনা হয়নি। অফিস থেকে বেরিয়ে যাতে সমর্থকরা সোজা ম্যাচ দেখতে মাঠে ঢুকে পড়তে পারেন এবং ফেরার সময় যাতে কোনো সমস্যা না হয়, সেটা ভেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে আইপিএলের ম্যাচ শুরু হতো রাত ৮টায়।

আইপিএলে প্রথম ১৭ দিনের মধ্যে চারদিন দুটি করে ম্যাচ থাকছে। সবক’টিই ছুটির দিনে। ছুটির দিন হওয়ায় ঠাসা মাঠে খেলা হওয়ার সম্ভাবনা থাকবে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে আইপিএলের বাকি সূচি ঘোষণা করা হবে। এপ্রিল ও মে মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। 

আগামী ২৬ মে আইপিএল ফাইনালের সম্ভাব্য সূচি। এর পাঁচদিন পরই ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে ছেলেদের আইসিসি টি২০ বিশ্বকাপ-২০২৪। 

প্রথম ধাপে শুধু দিল্লি ক্যাপিটালস নিজেদের মাঠে কোনো ম্যাচ খেলতে পারছে না। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের ১১টি ম্যাচ আয়োজন করা হবে, যা শেষ হবে ১৭ মার্চ। ফলে মাঝের সময়টুকুতে আইপিএলের জন্য মাঠটি তৈরি করা সম্ভব নয় বলে আইপিএল গভর্নিং কাউন্সিলকে অবহিত করেছে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন।