উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি। আজ সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার ফাইনালের ড্রতে এমনই ভাগ্য নির্ধারণ হয় দুই ক্লাবের। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সামনে অগ্নিপরীক্ষা। তারা শেষ আটে খেলবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে।

 

রিয়াল রেকর্ড ১৪ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, আর চেলসি শিরোপা জিতেছে দুবার। এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে চেলসি ও রিয়াল। ২০২০-২১ মৌসুমে শিরোপা জয়ের পথে সেমিফাইনালে রিয়ালকে হারিয়েছিল চেলসি। পরের মৌসুমে শেষ আটে দুই লেগ মিলে ৫-৪ গোলে হার মানে তারা।

 

অন্যদিকে, ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্নের সামনে পড়েছে প্রথম শিরোপার খোঁজ করে চলা ম্যানসিটি। চেলসি ও সিটি দুটি ক্লাবই জিতে গেলে অল-ইংলিশ সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

 

অল-ইতালিয়ান সেমিফাইনালও হতে পারে। কোয়ার্টার ফাইনালে এসি মিলান খেলবে ইতালিরই দল নাপোলির বিপক্ষে। আরেক কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান খেলবে পর্তুগিজ ক্লাব বেনফিকার বিপক্ষে। হতে পারে এসি মিলান ও ইন্টার মিলান ক্ল্যাসিকও।

 

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১১ ও ১২ এপ্রিল, ফিরতি লেগ ১৮ ও ১৯ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ৯ ও ১০ মে এবং দ্বিতীয় লেগ ১৬ ও ১৭ মে। ইস্তাম্বুলের দ্য আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ১০ জুন ফাইনাল।