শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় ভারত। শেষ দিকে ফিল্ডিং মিস, অতিরিক্ত রান এবং ১৯তম ওভারে হারিস রউফের ওভারে তিন বাউন্ডারিতে ম্যাচটা ভারতের পক্ষে চলে যায়। শেষ ওভারে ভারতের প্রয়োজন পড়ে মাত্র ৭ রান। ওভার করতে আসেন বামহাতি অর্থডক্স স্পিনার মোহাম্মদ নওয়াজ।
তখন ক্রিজে ভারতের বিধ্বংসী ব্যাটার হার্দিক পান্ডিয়া। তার সঙ্গে ছিলেন রবিন্দ্র জাদেজা। প্রথম বলে জাদেজাকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তুলেন নওয়াজ। উইকেটে এসে সিঙ্গেল নিয়ে দিনেশ কার্তিক স্ট্রাইক দেন পান্ডিয়াকে। ওভারের তৃতীয় বলটিও ডট দেন নওয়াজ। কিন্তু চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন পান্ডিয়া।
শেষ ওভারে ৭ রানের ওপর নির্ভর করে জয় এনে দেয়া যেকোনো বোলারের জন্যই কঠিন। একজন স্পিনারের জন্য তা আরো কঠিন। ম্যাচ শেষে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও একই সুরে কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা চেয়েছিলাম শেষ ওভারে অন্তত ১৫ রান রাখতে। তাহলে নওয়াজের ওপর নির্ভর করতে পারতাম। কিন্তু আমরা তা পারিনি। দুর্দান্তভাবে হার্দিক পান্ডিয়া ম্যাচটি শেষ করেছে।
বাবর আরো বলেন, আমাদের ১০-১৫ রান কম হয়েছে। ফাস্ট বোলারদের জন্য আমরা দারুণভাবে ম্যাচে ফিরেছিলাম। শাহনওয়াজ দাহানি উন্নতি করেছে। ব্যাট হাতেও লড়াইয়ের পুঁজি এনে দিয়েছে সে। কিন্তু আমরা এটা শেষ করতে পারিনি।










