গতকাল ৫ উইকেট হারিয়ে ২৭৭ রানে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। মুশফিকুর রহিম ১১৫ ও লিটন দাস ১৩৫ রানে অপরাজিত ছিলেন। আজ মঙ্গলবার টেস্টের দ্বিতীয় দিন সেখান থেকে ব্যাটিংয়ে নেমে প্রথম সেশনের অষ্টম ওভারেই লিটনের উইকেট হারায় স্বাগতিকরা। ২৪৬ বলে ১৪১ রান করেন এই ডানহাতি ব্যাটার। ১৬টি চার ও একটি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি।

লিটনের পর ০ রানে সাজঘরে ফেরেন আড়াই বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। তারপর নামেন তাইজুল ইসলাম। তার মধ্যে আশা দেখা গেলেও তিনি বেশিক্ষণ মুশফিককে সঙ্গ দিতে পারেননি। ৩৭ বলে ১৫ রানের ইনিংস খেলে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। তারপর পেসার খালেদ আহমেদ ২ বলে শূন্য রান করেন। শেষ উইকেট জুটিতে এবাদত এসে যোগ দিয়েছেন।

লাঞ্চ বিরতির আগেই চার উইকেটের পতন হলেও অপর প্রান্ত আগলে রেখেছেন মুশফিক। এরইমধ্যে ব্যক্তিগত দেড়শ পার করেছেন তিনি। সাদা পোশাকে এ নিয়ে পঞ্চমবারের মতো ১৫০ কিংবা তার চেয়ে বেশি রানের ইনিংস খেলেছেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩৬১ রান। মুশফিক ১৭১ ও এবাদত শূন্য রানে ব্যাট করছেন। শ্রীলংকার হয়ে দুই পেসার কাসুন রাজিথা পাঁচটি ও আসিথা ফার্নান্দো চার উইকেট নেন। এটি রাজিথার টেস্ট ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট শিকার।