শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-২০২২ (আইপিএল)। গতকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। ১৫তম আসরের আজ রয়েছে দুটি ম্যাচ। বিকাল ৪টায় মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে নামবে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। রাত ৮টায় দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

সর্বোচ্চ ১০টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে শুরু হয়েছে এবারের আসর। সর্বমোট অনুষ্ঠিত হবে ৭৪টি ম্যাচ। দল বাড়ায় ম্যাচের সংখ্যাও বেড়েছে। আগের ১৪ আসরের চেয়ে এবারের রাউন্ড রবিন পর্বের ধরনও ভিন্ন। ১০টি দলকে ভাগ করা হয়েছে ‘এ’ ও ‘বি’ দুটি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল। রাউন্ড রবিন লিগে প্রতিটি দল মোট খেলবে ১৪টি ম্যাচ। নিজ নিজ গ্রুপের দলগুলো একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হয়ে খেলবে আটটি ম্যাচ। অন্য গ্রুপের চারটি দলের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। দুটি করে ম্যাচ খেলবে গ্রুপে সমান্তরাল দলের বিপক্ষে।

আজ মাঠে নামছে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই। এবারো শক্তিশালী দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এবারের আইপিএলে সবচেয়ে দামি ১৫ কোটি ২৫ লাখ রুপির ক্রিকেটারও (ইশান কিষান) তাদের দলে। রোহিত শর্মার স্কোয়াডে আছেন কিরন পোলার্ড, জোফরা আর্চার, জসপ্রিত বুমরাহ ও সূর্যকুমার যাদবের মতো তারকা। দিল্লিকেও পিছিয়ে রাখার সুযোগ নেই। ঋষভ পন্তের নেতৃত্বে দলটিতে খেলছেন মিচেল মার্শ, লুঙ্গি এনগিদি, এনরিচ নরকিয়া, মুস্তাফিজের মতো দুর্দান্ত বোলার। ব্যাটিংয়েও ইয়াশ ধুল, পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার ও টিম শেফার্টরা আছেন।

গত ১২ ও ১৩ ফেব্রুয়ারির নিলামে ২০৪ জন খেলোয়াড় কিনেছে ফ্র্যাঞ্চাইজিগুলো, যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ। খেলোয়াড় কিনতে খরচ ৫৫১ কোটি ৭০ লাখ রুপি। ক্রিকইনফো