ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চলমান আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।


সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় ৬ রানের মাথায় মাহফিজুল ইসলামকে হারিয়ে বিপর্যয়ে শুরু যুবাদের। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ৯৭ রানে গুটিয়ে যায় রাকিবুল হাসানের দল।


এই ৯৭ রানও এসেছে টেল-এন্ডার রিপন মন্ডলের কল্যাণে। ৫১ রানে ৯ উইকেট হারিয়ে বড় লজ্জার মুখোমুখি হওয়া বাংলাদেশকে তিনিই টেনে তোলেন। রিপন দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন ৪১ বলের মোকাবেলায়। 


জসুয়া বয়ডেন ৯ ওভারে মাত্র ১৬ রানের খরচায় ৪ উইকেট নেন। এছাড়া টমাস আস্পিনওয়াল ১৮ রানে দুটি এবং ফাতেহ সিং, টম প্রেস্ট, জেমস সেলস একটি করে উইকেট নেন। ইংলিশ উইকেটকিপার অ্যালেক্স হর্টন একাই নেন ৬টি ক্যাচ।