ম্যানচেস্টার সিটির উদীয়মান তরুণ উইঙ্গার অস্কার বব নতুন পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নরওয়ের বব এবারের মৌসুমে ১৬ ম্যাচে দুই গোল করেছেন। এর মধ্যে জানুয়ারিতে নিউক্যাসলের বিপক্ষে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ জয়সূচক গোলটি ছিল তার। 

এর আগে ববের সাথে সিটির চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত ছিল। নতুন চুক্তি সম্পর্কে নরওয়েজিয়ান এই তরুণ বলেছেন, আমি সত্যিই দারুণ গর্বিত। সিটির সাথে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে পেরে সম্মানিত বোধ করছি। এখানকার পরিবেশ অসাধারণ। একজন তরুণ খেলোয়াড়ের জন্য সম্ভাব্য সেরা ক্লাব এটি। ইতোমধ্যেই আমি পেপ ও তার কোচিং স্টাফ এবং সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। ২০২৯ সাল পর্যন্ত এই ক্লাবের সাথে থাকতে পারার বিষয়টি আমার কাছে বিশেষ কিছু। এখন আমি নিজের কাজের আরো উন্নতিতে মনোযোগী হতে চাই।