নিউজিল্যান্ডে চলমান আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করে অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন লিগে সাত ম্যাচে পূর্ণ ১৪ পয়েন্ট তুলে নিয়েছে মেগ ল্যানিংয়ের দল। বৃহস্পতিবার দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট কাটে দক্ষিণ আফ্রিকা। গতকাল নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে ৭১ রানে হারালেও স্বাগতিক নিউজিল্যান্ডের বিদায় প্রায় নিশ্চিত। আজ শেষ দিন কোনো ‘মিরাকল’ না ঘটলে সোফি ডিভাইনের দল সেমিফাইনালে ঘরের মাঠে দর্শক হয়েই কাটাবে। কিউইদের বাদ দিলে এখন সেমিফাইনালের বাকি দুই টিকিটের জন্য ত্রিমুখী লড়াই চলছে ওয়েস্ট ইন্ডিজ (৭ পয়েন্ট), ভারত (৬ পয়েন্ট) ও ইংল্যান্ডের (৬ পয়েন্ট) মধ্যে।

প্রথম তিন ম্যাচ টানা হেরে খাদের কিনারায় চলে যাওয়া ইংল্যান্ড পরের তিন ম্যাচে টানা জিতে বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে নিজেদের ষষ্ঠ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১৮৪ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছেন ইংলিশ নারীরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া ইংলিশরা আজ শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত করবেন।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে দুই দল সমান এক পয়েন্ট পায়। তাতে ৯ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় দল হিসেবে শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় স্থানে।

মোটামুটি সুবিধাজনক অবস্থানে থাকলেও ক্যারিবিয়ান নারীদের ভাগ্য খানিকটা অন্যদের হাতেও। আজ দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার কিংবা বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হার ওয়েস্ট ইন্ডিজকে পৌঁছে দেবে শেষ চারে। কিন্তু ভারত ও ইংল্যান্ড উভয় দলই যদি জিতে যায়, সেক্ষেত্রে বিদায় ঘটবে স্টেফানি টেলরের দলের। তাই ওয়েস্ট ইন্ডিজকে শেষ চারে খেলতে হলে ভারত ও ইংল্যান্ড দুই দলের একটিকে হারতে হবে।

বিশ্বকাপে ১৩ বছর ও ১৮ ম্যাচ পর এবার জয় পাওয়া পাকিস্তান গতকাল নিজেদের শেষ ম্যাচে হেরেছে কিউইদের কাছে। আগে ব্যাটিং করে সুটি বেটসের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৫ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে পাকিস্তান ৯ উইকেটে ১৯৪ রান তুলতে সমর্থ হয়। চলতি বিশ্বকাপে সাত ম্যাচের ছয়টিতেই হারল বিসমাহ মারুফের দল।

বাংলাদেশ নারীদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপ মিশন আজ শেষ হবে। শুক্রবার ভোরে নিজেদের ষষ্ঠ ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ৫ উইকেটে পরাজিত হয় নিগার সুলতানার দল। এখন পর্যন্ত ছয় ম্যাচে একটি জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে পাওয়া জয়টি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারীদের প্রথম সাফল্য। আজ ইংল্যান্ডের বিপক্ষে জিতেই এবারের মিশন শেষ করতে চান সালমা-নিগাররা। ক্রিকইনফো