সংযুক্ত আরব আমিরাতে চলমান এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ দুবাইয়ে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশের যুবারা। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, যারা আজ দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারায়।
আগে ব্যাটিং করতে নেমে ইকবাল হোসেন ইমন (৪/২৪) ও মারুফ মৃধার (২/২৩) বোলিং তোপের মুখে ৩৭ ওভারে ১১৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলটির পক্ষে ফারহান ইউসুফ ৩২ ও মুহাম্মদ রিয়াজুল্লাহ ২৮ রান করেন। ১১৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশ ২৮ রানে ২ উইকেট হারায়। এরপর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন অধিনায়ক আজিজুল হাকিম। মাত্র ৪২ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ৭টি বাউন্ডারি ও ৩ ছক্কায় পাকিস্তানকে হতাশ করেন আজিজুল। শিহাব জেমস ৩৬ বলে ২৬ রান করেন।
আরেক ম্যাচে শ্রীলংকা ১৭৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত ৭ উইকেট ও ১৭০ বল হাতে রেখে জয় তুলে নেয়। মাত্র ১৩ বছর বয়সেই এবারের আইপিএলে ১ কোটি ১০ লাখ রুপিতে দল পেয়ে ইতিহাস সৃষ্টি করা বৈভব সূর্যবংশী আজ ভারতের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন ৩৬ বলের মোকাবেলায়। ৬টি বাউন্ডারি ও ৫ ছক্কায় ইনিংস সাজান তিনি। রোববার বাংলাদেশের বোলারদেরও বার্তা দিলেন কি বৈভব?










