প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে যেকোনো ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন মাহমুদুল হাসান জয়। আজ ডারবান টেস্টের তৃতীয় দিন তার লড়াকু সেঞ্চুরিতে ভর করেই দুশ পেরিয়ে যায় বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় অতিথিদের সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৩৫ রান; জয় ১০০ ও মেহেদী হাসান মিরাজ ১০ রানে ব্যাট করছিলেন।
১০১ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকেই পড়ে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে জয় ও লিটন
দাস দৃঢ়তা দেখিয়ে ১৭১ বলে ৮২ রান যোগ করে দলকে নিরাপদে নেন। লিটন ৯২ বলে ৪১ রান
করে লিজাড উইলিয়ামসের শিকার হয়ে ফেরেন সাজঘরে। এরপর ইয়াসির আলীকে নিয়ে ৫৩ বলে ৩৩
রান করেন জয়। ইয়াসির ব্যক্তিগত ২২ রানে হয়েছেন রানআউটের শিকার।
এরপর মিরাজকে নিয়ে দলকে টানছিলেন জয়। এ পথে তিনি তুলে নেন ক্যারিয়ারের
প্রথম টেস্ট সেঞ্চুরি। এটা প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে
সেঞ্চুরি। বুক চিতিয়ে লড়া জয় সেঞ্চুরি করেন ২৬৯ বল খেলে, সময় নেন ৩৬৩ মিনিট।
আজ ৫ উইকেটে ১৮৩ রান তুলে নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় অতিথিরা।
যদিও বিরতি থেকে ফেরার পরই আউট হয়ে যান লিটন। তাতে বড় সংগ্রহের সম্ভাবনা কমে যায়।
৯৪ রানে ৪ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। আজ সেখান থেকে
ব্যাটিংয়ে নেমে দলীয় স্কোরে ৭ রান জমা না হতেই সাজঘরে ফেরেন নাইটওয়াচম্যান তাসকিন
আহমেদ (১)। লিজাড উইলিয়ামসের শিকার হন তিনি।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৩৬৭ রানে অলআউট হয়।










